জিয়া খানের প্রেমিক সুরজ গ্রেপ্তারের নেপথ্যে!
জীবনের শেষ চিঠিতে প্রেমিক সুরজের বিষয়ে নানা গুরুতর অভিযোগ করে গেছেন অকাল প্রয়াত বলিউডের নবীন অভিনেত্রী জিয়া খান। সে সব অভিযোগ জিয়া খানের প্রেমিক সুরজ পাঞ্চোলিকে গ্রেপ্তারের নেপথ্যে ভূমিকা রেখেছে। সুইসাইড নোটে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেমিক সুরজ পাঞ্চোলিকে দায়ী করে গেছেন জিয়া খান। সুইসাইড নোটটি হাতে পাওয়ার পর আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে সুরজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।সুইসাইড নোটে জিয়া খান লিখেছিলেন, ‘তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ। আমি তোমাকে যেভাবে ভালোবেসেছিলাম, তুমিও যদি আমায় সেভাবে ভালোবাসতে! আমার জীবনে ভেঙে যাওয়া স্বপ্ন ও শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এখন আমার একটাই চাওয়া—ঘুমিয়ে পড়া এবং কখনোই জেগে না ওঠা।’জিয়া খান ৩ জুন রাতে আত্মহত্যা করার কয়েকদিন পর তাঁর লেখা সুইসাইড নোটটি খুঁজে পান তাঁর বোন। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন জিয়ার মা অভিনেত্রী রাবেয়া আমিন। অবশ্য সুইসাইড নোটে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি জিয়া। নোটটি পাওয়ার দু’দিনের মাথায় গতকাল সোমবার বিকেলে সুরজকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। জিয়ার আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় গ্রেপ্তার করা হয়েছে সুরজকে। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। জিয়া খান তাঁর সুইসাইড নোটে লিখেছেন, ‘বেঁচে থাকার আর কোনো অর্থই নেই আমার কাছে। আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছিলাম। আমি তোমার জন্য সব করেছি। কিন্তু কখনোই তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি। এখন আমার জীবন থেকে আনন্দ উধাও হয়ে গেছে। আমার ভবিষ্যৎ বলে আর কিছুই নেই। আমার সব প্রতিভা, উচ্চাকাঙ্ক্ষা নিঃশেষ করে দিয়েছ তুমি। এখন এই পৃথিবীর বুকে কি নিয়ে বেঁচে থাকব আমি! আমার সঙ্গে প্রতারণা করেছ তুমি। সম্পর্কটার ওপর আমার বিশ্বাস ছিল। অথচ এ ব্যাপারে তোমার কোনো খেয়ালই ছিল না। তুমি যখন এই চিঠি পড়বে, তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না।’ সুইসাইড নোটে সুরজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছেন জিয়া। এমনকি গর্ভপাতের কথাও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জিয়া লিখেছেন, ‘আমাকে ব্যবহার করেছে তুমি। যে যন্ত্রণা, ধর্ষণ, দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার আমি হয়েছি তা আমার পাওনা ছিল না। আমার প্রতি তোমার কোনো ভালোবাসা কিংবা দায়বদ্ধতা ছিল না। তুমি পড়ে থাকতে তোমার একাধিক নারী সঙ্গী আর পার্টি নিয়ে। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ জানার পরও তোমাকে আঁকড়ে থেকেছি। বুকে পাথর চেপে আমাদের অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিইনি, গর্ভপাত ঘটিয়েছি। আমি তোমাকে যতটা ভালোবাসা ও ছাড় দিয়েছি আর কোনো নারীর কাছ থেকেই তুমি তা পাবে না। এ সত্যটাকে নিজের রক্ত দিয়ে লিখে দিতে পারি আমি। আমি বেঁচে থাকলে কখনোই তোমার শূন্যতাকে ভুলতে পারব না। এজন্য দশ বছরের ক্যারিয়ার এবং স্বপ্নকে বিদায় জানাচ্ছি আমি।’এদিকে, জিয়ার মা তাঁর মেয়ের আত্মহত্যার জন্য সুরজের পাশাপাশি তাঁর বাবা ও বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলিকেও দায়ী করেছেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘কিছু কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আমার মেয়ে ক্যারিয়ার নিয়ে হতাশ ছিল বলে আত্মহত্যা করেছে। কিন্তু সত্যটা হল, সুরজ ও তাঁর বাবা আদিত্য পাঞ্চোলির কাছ থেকে অসহনীয় যন্ত্রণা পাওয়ার কারণেই আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিতে বাধ্য হয়েছে জিয়া।’ জিয়ার লেখা ছয় পৃষ্ঠার সুইসাইড নোটের স্ক্যান করা কপি সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইটেও পোস্ট করেছেন তাঁর মা।এতকিছুর পরও সুরজের পক্ষেই সাফাই গেয়েছেন তাঁর বাবা আদিত্য পাঞ্চোলি। তাঁর মতে, কোনো কারণ ছাড়াই সুরজকে খলনায়ক সাজানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি প্রখ্যাত ভারতীয় কলামিস্ট ও ঔপন্যাসিক শোভা দে তাঁর ব্লগে সুরজ ও আদিত্যকে উদ্দেশ করে মন্তব্য করেন, ‘লাইক ফাদার, লাইক সান।’ এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন আদিত্য। তিনি বলেন, ‘আমি এবং আমার ছেলের সঙ্গে শোভা দে’র সমস্যাটা কোথায়! তিনি এমন মন্তব্য করে কী বোঝাতে চাইছেন! আগে প্রকৃত সত্যটাকে বের হতে দিন। অযথা আমার নির্দোষ ছেলের বিরুদ্ধে লেখালেখি করে তাঁকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবেন না।’জিয়ার পরিবারের সঙ্গে সখ্যের কথা উল্লেখ করে আদিত্য জানিয়েছেন, ‘অনেক দিন থেকেই জিয়ার পরিবারের সঙ্গে আমাদের সখ্য রয়েছে। তাঁরা যা হারিয়েছেন তা ফিরে পাওয়ার নয়। তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সব সময় তাঁদের পাশে থাকার অঙ্গিকার করছি। লোকলজ্জা ভুলে জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে আমি এবং সুরজ যোগ দিয়েছি। দায়িত্ববোধ থেকেই আমরা এটা করেছি।’ আদিত্য আরও জানিয়েছেন, ‘সুরজের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, জিয়া কখনোই শক্ত কোনো অভিযোগ তোলেনি তাঁর বিরুদ্ধে। তাঁকে কোনো কিছু থেকে বিরত থাকতেও বলেনি। সবার প্রতি আমার অনুরোধ, অযথা আমার ছেলেকে খলনায়ক সাজানোর চেষ্টা করবেন না। সে পরিস্থিতির শিকার। ঘটনাচক্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সে জড়িয়ে গেছে।’বলিউডের উঠতি অভিনেত্রী জিয়া খান পশ্চিম মুম্বাইয়ের জুহু বিচ সংলগ্ন নিজ বাসায় আত্মহত্যা করেন ৩ জুন, সোমবার রাতে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, গলায় ফাঁস লাগানোর কারণে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন জিয়া। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চোলিকে। মৃত্যুর কিছুক্ষণ আগে জিয়া সর্বশেষ ফোনে কথা বলেছিলেন তাঁর সঙ্গে। বলিউডে ডুবন্ত ক্যারিয়ার নিয়ে অনেক দিন থেকেই হতাশায় ভুগছিলেন জিয়া খান। আট মাস আগে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। কবজির রগ কেটে মৃত্যু ঘটানোর চেষ্টা করলেও, সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন এই তারকা অভিনেত্রী। তাঁর ঘরে ভেষজ ঘুমের বড়িও খুঁজে পেয়েছিল পুলিশ।জিয়া খান শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ ছবিতে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৭ সালে অভিনয় করেন রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ ছবিতে। ছবিটিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন জিয়া। পরে অভিনয় করেন ‘গজনি’ (২০০৮) ও ‘হাউসফুল’ (২০১০) ছবিতে। ২৫ বছর বয়সী জিয়া খানের বেড়ে ওঠা যুক্তরাজ্যে। কিছুদিন আগে মা রাবেয়া আমিনের সঙ্গে যুক্তরাজ্য থেকে মুম্বাইয়ে চলে আসেন তিনি। থাকতেন জুহু বিচ সংলগ্ন সাগর সংগীত নামের একটি ফ্ল্যাটে। সেখানেই আত্মহত্যা করেন তিনি। জিয়া খানের সুইসাইড নোট দেখতে ক্লিক করুন