জিয়ার কাছ থেকে সুরজকে দূরে থাকতে বলেছিলেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান, জিয়া খান ও সুরজ শর্মা
সালমান খান, জিয়া খান ও সুরজ শর্মা

সদ্য প্রয়াত বলিউডের অভিনেত্রী জিয়া খানের প্রেমিক সুরজ পাঞ্চোলিকে নানা বিষয়ে পরামর্শ দিতেন সালমান খান। জিয়া খানের কাছ থেকে সুরজকে দূরে থাকতেই পরামর্শ দিয়েছিলেন তিনি।
সুইসাইড নোটে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেমিক সুরজ পাঞ্চোলিকে দায়ী করে গেছেন সদ্য প্রয়াত বলিউডের অভিনেত্রী জিয়া খান। নোটটি হাতে পাওয়ার পর আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে সুরজকে গ্রেপ্তারও করেছে মুম্বাই পুলিশ। সম্প্রতি বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও অভিনেত্রী জেরিন ওয়াহাবের ছেলে সুরজ সম্পর্কে অজানা ১০ তথ্য প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া।

জিয়ার কাছ থেকে সুরজকে দূরে থাকতে বলেছিলেন সালমান

সহ-অভিনেত্রী থেকে শুরু করে একাধিক বিদেশিনীর প্রেমে মজেছেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। অতীত অভিজ্ঞতা থেকে প্রেমের খুঁটিনাটি সম্পর্কে বেশ ভালোই ধারণা ও জ্ঞান পেয়েছেন তিনি। জিয়া খানের সঙ্গে সুরজের প্রেম নিয়ে তিনি বেশ শঙ্কিত ছিলেন। এমনকি জিয়ার কাছ থেকে সুরজকে দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন তিনি।

সহকারী পরিচালক সুরজ পাঞ্চোলি

২০১০ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানশালীর ‘গুজারিশ’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুরজ। এ ছাড়া গত বছর মুক্তিপ্রাপ্ত বক্স অফিসে ঝড় তোলা ছবি ‘এক থা টাইগার’ ছবির পরিচালক কবির খানের সহকারী হিসেবেও কাজ করেন তিনি।

সালমান খানের সঙ্গে সুরজের সখ্য

‘এক থা টাইগার’ ছবিতে সম্পৃক্ততার সুবাদে ছবিটির মূল অভিনেতা সালমান খানের সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছিল সুরজের। তাঁকে বলিউডে প্রতিষ্ঠিত করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ‘ব্যাডবয়’ তকমা পাওয়া সালমান। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে সুরজ বলেছিলেন, ‘সালমান স্যার আমাকে বলিউডে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। বড় কলেবরের একটি ছবিতে অভিনয় করব আমি।’

সুরজের গুরু সালমান

এখন পর্যন্ত বিতর্কিত নানা কর্মকাণ্ডে জড়িয়ে বহুল আলোচিত তারকায় পরিণত হয়েছেন সালমান খান। বলিউডে নিরঙ্কুশ সাফল্য পেয়েছেন তিনি। ‘ওয়ান্টেড’, ‘রেডি’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’-এর মতো একের পর এক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়ে বিরল নজির গড়েছেন। বলিউডে রাজত্ব করার নানা মন্ত্র সালমানের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছেন সুরজ। এমনকি আকর্ষণীয় শারীরিক অবয়ব পাওয়ার নানা পথও তাঁকে বাতলে দিয়েছেন সালমান। এ প্রসঙ্গে সুরজের ভাষ্য, ‘শরীর ঠিক রাখার জন্য সালমান স্যার আমাকে নানা পরামর্শ দিয়েছেন। সঠিক নিয়মে শরীরচর্চা করে আকর্ষণীয় শারীরিক অবয়ব কীভাবে পাওয়া যায়, সেটাও তিনি আমাকে জানিয়েছেন। তাঁর দেখানো পথে অনেক পরিশ্রম করে আমি নিজেকে প্রস্তুত করছি। প্রস্তুতি শেষ হলেই বলিউডের মাঠে আমার খেলা শুরু হবে।’

রিয়া সেন-সুরজের চুমু-কেচ্ছা

একবার এক পার্টিতে বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রিয়া সেন ও সুরজের চুমু খাওয়ার খবর চাউর হয়েছিল। অবশ্য ওই ঘটনায় সুরজের কোনো দোষ ছিল না। রিয়া একরকম জোর করেই সুরজকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন।

জিয়া খানের সঙ্গে সুরজের প্রেমের বয়স এক বছর

জিয়া খানের মা অভিনেত্রী রাবেয়া আমিন জানিয়েছেন, এক বছর ধরে সুরজের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুরজ নানাভাবে আমার মেয়েকে খুশি করার চেষ্টা করত। মাঝেমধ্যেই ফুল উপহার দিত। এমনকি জিয়ার জন্য ঘরের রান্না খাবারও সে নিয়ে আসত। জিয়া এসব খুবই পছন্দ করত।’

সুরজকে জিয়ার উপহার

সুরজকে প্রায়ই নানা উপহার কিনে দিতেন জিয়া খান। একবার সুরজকে ক্রস চিহ্ন আঁকা একটি মালা উপহার দিয়েছিলেন জিয়া। পরে সেটি গলায় পরে একটি ফটোসেশনেও অংশ নিয়েছিলেন সুরজ।

সুরজের প্রতারণা

জিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও বয়সে ২০ বছরের বড় এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন সুরজ। পাঞ্চোলি পরিবারে গয়না সরবরাহ করতেন ওই নারী। সুরজের অনেক অত্যাচারই মুখ বুজে সহ্য করেছেন জিয়া। সেগুলোর মধ্যে ধর্ষণ এবং গর্ভপাতের মতো বিষয়ও ছিল। কিন্তু প্রেমিকের কাছ থেকে প্রতারণার বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। ৩ জুন রাতে পশ্চিম মুম্বাইয়ের জুহু বিচ-সংলগ্ন নিজ বাসায় ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন জিয়া। এভাবেই মাত্র ২৫ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান বলিউডের উঠতি এ তারকা অভিনেত্রী। 

সুরজের বলিউড-অভিষেক

১৯৮৩ সালে মুক্তি পাওয়া সুভাষ ঘাই পরিচালিত ব্যবসাসফল ছবি ‘হিরো’র রিমেকে সুরজের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই। মূল ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষী। ছবিটির রিমেকে সুরজের পাশাপাশি বলিউডের অভিনেতা সুনীল শেঠির মেয়ে আতিয়াকে প্রথমবারের মতো রুপালি পর্দায় হাজির করার পরিকল্পনা করেছিলেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সুভাষ ঘাই। অবশ্য জিয়ার আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় গ্রেপ্তার হওয়ার পর ছবিটিতে আদৌ সুরজের অভিনয় করা হবে কি না, তা নিশ্চিত নয়।

সুরজের অভিনয়-প্রশিক্ষণ

কোমর বেঁধেই বলিউডে নামার প্রস্তুতি নিচ্ছিলেন সুরজ। বলিউডের চিত্রনির্মাতা রাহুল রয়েলের অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে অভিনয়ের তালিম নিয়েছিলেন সুরজ। অভিনয়ের পাশাপাশি নাচ ও মার্শাল আর্টের প্রশিক্ষণও নিয়েছেন তিনি।