জিয়ার জীবন আমি কেড়ে নিইনি: সুরজ পাঞ্চোলি

‘হিরো’ ছবির রিমেকে অভিনয়ের মাধ্যমে শিগগিরই বলিউড অভিষেক হচ্ছে সুরজ পাঞ্চোলির। আটঘাট বেঁধেই বলিউডে ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন ২২ বছর বয়সী সুরজ। কিন্তু হঠাৎ করেই গত ৩ জুন প্রেমিকা জিয়া খান আত্মহত্যা করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে যান তিনি। সুইসাইড নোটে সুরজের বিরুদ্ধে ধর্ষণ, গর্ভপাত, শারীরিক ও মানসিক নির্যাতনের মতো গুরুতর সব অভিযোগ লিখে গেছেন জিয়া। এসব কারণে রুপালি পর্দার মায়াবী জগতে পা রাখার আগ মুহূর্তে রাতারাতি বাস্তবের খলনায়কে পরিণত হন বলিউডের বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ।
জিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় গ্রেপ্তার করা হয় সুরজকে। ২৩ দিন কারাগারে আটক থাকার পর চলতি মাসের শুরুর দিকে তিনি জামিনে মুক্তি পান। শুরু থেকেই তিনি গণমাধ্যমের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন। জিয়া সম্পর্কে জনসমক্ষে কোনো কথা তিনি বলেননি। অবশেষে নীরবতা ভেঙে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে কারাগারে বন্দী থাকার অভিজ্ঞতা, জিয়ার সঙ্গে পরিচয়, প্রেম, বিচ্ছেদসহ উঠতি এ অভিনেত্রীর আত্মহত্যা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বলিউডের উঠতি অভিনেতা সুরজ।
২৩ দিন কারাভোগের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবেন কি?
থানা থেকে আমাকে ফোন করে বলা হলো, ‘সুরজ, জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে জুহু থানায় আসার অনুরোধ করা হচ্ছে।’ চারজন মানুষ আমাকে গাড়িতে করে থানায় নিয়ে গেলেন। সেখানে পৌঁছানো মাত্র আমাকে গ্রেপ্তার করা হলো। আমার ফোন, আইপ্যাড, ল্যাপটপ আটক করা হয়েছে যেগুলো এখনও আমাকে ফেরত দেওয়া হয়নি। প্রথম চারদিন আমি সান্তাক্রুজ কারাগারে বন্দী ছিলাম। ওই চারদিন এক কাপড়েই ছিলাম। গোসল কিংবা দাঁত ব্রাশও করতে পারিনি। শোয়ার সময় বালিশ কিংবা কম্বলও দেওয়া হয়নি আমাকে। ২০ বছর বয়সী এক তরুণের সঙ্গে নোংরা একটি কারা প্রকোষ্ঠে আমাকে রাখা হয়েছিল। ওই তরুণ মাদকাসক্ত এবং জোড়া ধর্ষণের আসামি। কারা প্রকোষ্ঠের মেঝেতে বমি, প্রস্রাব ও পানির পিক দেখে গা গুলিয়ে উঠেছিল। চারদিন পর মার সঙ্গে আমার দেখা হয় আদালতে। আমি তাঁর সঙ্গে কোনো কথা বলিনি। কেবল তাঁর সঙ্গে থাকা পানির পাত্র থেকে কয়েক চুমুক পানি পান করেছি। আদালত থেকে আমাকে আর্থার রোড কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আর্থার রোড কারাগারে কেমন সময় কেটেছে?
ভারতের অন্যতম নোংরা কারাগার হিসেবে এটি পরিচিত। মাত্রাতিরিক্ত নোংরা পরিবেশের কারণে শুরুতে সমস্যা হলেও, কয়েকদিনের মধ্যেই আমি অভ্যস্ত হয়ে পড়ি। কারাগারের যে সেলে আমার ঠাঁই হয়, সবার কাছে সেটি আন্ডা সেল নামে পরিচিত। সাধারণত দুর্ধর্ষ জঙ্গিদের এই সেলে রাখা হয়। আমার পাশের সেলেই একটা সময়ে আজমল কাসাবকে রাখা হয়েছিল। নিরাপত্তা হুমকির কারণে সেলের বাইরে যাওয়ার অনুমতি আমার ছিল না। শুনেছি, সেখানে ১৬ বছর বয়সী এক কিশোর যৌন হয়রানির শিকার হয়েছিল। সেলের ভেতরেই আমাকে খাবার দেওয়া হতো। সেলের বাইরে একটিমাত্র ফ্যান ঘুরত। আর মাথার ওপর দিন-রাত ২৪ ঘণ্টা বড় বড় বাতি জ্বালিয়ে রাখা হতো।
কারাবন্দী থাকার সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল?
শুরু থেকেই আমার মধ্যে কোনো ভয় বা অনুশোচনা কাজ করেনি। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার ছিলাম। আমার বিশ্বাস, কেবলমাত্র জিয়ার সঙ্গে বিচ্ছেদের কারণে আমি অপরাধী হতে পারি না। জিয়া বেঁচে থাকতে তাঁকে আমি নানাভাবে সাহায্য করেছি। এমনকি একাধিকবার তাঁর জীবনও বাঁচিয়েছি। এসব কারণে আমি নিশ্চিত ছিলাম, অবশ্যই আমি কারাগার থেকে মুক্তি পাব। তবে যখনই মনে হতো, জিয়া আর নেই তখন খুব খারাপ লাগত। কারও জীবন চলে যাওয়ার বিনিময়ে পুলিশি জিজ্ঞাসাবাদ, জেলের খাবার কিংবা নোংরা দমবন্ধ পরিবেশে থাকার যুদ্ধটাকে নিতান্তই তুচ্ছ শাস্তি বলে মনে হত। বহুবার বুক ফেটে কান্না এলেও কাউকে চোখের জল দেখতে দিইনি আমি। জেল থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরার পরই কেবল মন খুলে কেঁদেছি। বাসায় ফিরে নিজের বালিশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলাম আমি।
জিয়া খানের সঙ্গে আপনার কীভাবে পরিচয় ও প্রেম হয়েছিল?
১০ মাস আগে ফেসবুকেই জিয়ার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাঁর শান্ত ও চমত্কার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। কিন্তু তাঁর মধ্যে সন্দেহবাতিক ছিল। আমাকে নিয়ে সে বাড়াবাড়ি রকমের আধিপত্যপ্রবণ ছিল। এমনকি আমার আশপাশে ছেলেবন্ধুদের উপস্থিতিও সে সহ্য করতে পারত না। পরিচয়ের পর মাত্র দুবার আমরা নৈশভোজে গিয়েছিলাম। এর মধ্যেই হঠাত্ একদিন জিয়ার মুঠোফোন বার্তা পেলাম। সেখানে লেখা ছিল, ‘সুরজ, আমার সাহায্য দরকার। আমার হাত কেটে রক্ত ঝরছে। তুমি কি একটু আমার কাছে আসতে পারবে?’ আমি তখন বাসায় ছিলাম না। জিয়া থাকত জুহুর সাগর সংগীত অ্যাপার্টমেন্টে। আমার বাসা থেকে তাঁর বাসায় যেতে মাত্র তিন মিনিট সময় লাগে। রাত সাড়ে ১১টার দিকে আমার কর্মচারী পাঠালাম জিয়ার বাসায়। দরজা খুলেই অজ্ঞান হয়ে পড়ে জিয়া। হাতের কবজির কাছে প্রায় তিন ইঞ্চি কেটে ফেলেছিল সে। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁর ক্ষতস্থানে সেলাই ও প্রয়োজনীয় চিকিত্সা দেন। হাসপাতালে আমি জিয়ার পাশাপাশি থাকলেও, সে আমার সঙ্গে একটি কথাও বলেনি। কয়েকদিন পর আমি জিয়ার মাকে ফোন দিয়ে জানালাম, জিয়া প্রচণ্ড হতাশায় ভুগছে। সব সময় তাঁকে সঙ্গ দেওয়ার জন্য কাছের মানুষদের থাকার প্রয়োজনীয়তার কথাও জানালাম। আন্টি বললেন, দুই মাসের মধ্যে ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি লন্ডন ছাড়বেন। জিয়ার দিকে খেয়াল রাখার জন্যও তিনি আমাকে অনুরোধ করলেন। দুই মাসের জায়গায় চার মাস পেরিয়ে গেল। ওই চার মাসে আমি জিয়ার প্রেমে পড়ে যাই। এভাবেই আমাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।
আমার বাবা-মার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এজন্য আমি দাদা-দাদির সঙ্গে জুহুতে থাকতাম। বাবা-মার সঙ্গে থাকত আমার বোন। দাদা-দাদি যখন মারা যান তখন আমার বয়স ছিল ১৬। সেই থেকে আমি চারটি কুকুর নিয়ে একা থাকতাম। একাকিত্বের যন্ত্রণা আমার খুব ভালো করেই জানা। আমার মতো জিয়াও প্রচণ্ড একাকী ছিল। চার মাসে জিয়া আমাকে তাঁর জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক অনেক ঘটনার কথা বলেছে। তাঁর কাছে আমি জানতে পারি, আগের প্রেমিকরা তাঁকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। এমনকি লন্ডনে বয়স্ক এক লোক তাঁকে ধর্ষণ করেছিল। তখন জিয়ার বয়স ছিল মাত্র ১৪ বছর। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। তাঁর বাবা তাঁকে ত্যাজ্য করেছিল। জিয়া এমন কঠিন সময়ও পার করেছে যখন দিনে মাত্র একবেলা খাবার জুটত তাঁর। যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও কেউ তাঁকে কাজ দিচ্ছিল না। হাতে কোনো কাজ না আসায় প্রচণ্ড হতাশা ভর করেছিল তাঁর ওপর। অনেক দিন থেকেই সে বিষণ্নতায় ভুগছিল। এজন্য চিকিত্সাও নিয়েছিল সে। জিয়ার মুখ থেকে এসব কিছু শুনে তাঁর প্রতি আমার মমতা বহুগুণ বেড়ে যায়। ২১ বছরের একজন যুবক হিসেবে জিয়ার জন্য সাধ্যের চেয়ে অনেক বেশি কিছু করার আপ্রাণ চেষ্টা ছিল আমার ভেতর। প্রতিরাতেই সে কান্নাকাটি করত। আমার সঙ্গে পরিচয়ের পর থেকে সে একা থাকতে পারত না। প্রায়ই সে আমার বাসায় আসত। শুরুর দিকে বাবা জিয়ার সঙ্গে আমার সম্পর্কটাকে মেনে না নিলেও পরে অবশ্য মেনে নেন।
চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম আমি। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাসে থাকতে হত আমাকে। আমি যে ক্লাসে আছি তা প্রমাণের জন্য প্রায়ই স্যারের সঙ্গে ফোনে জিয়ার কথা বলিয়ে দিতে হত। এমনকি একটা পর্যায়ে ক্লাসের ভেতর সে আমার পাশে বসে থাকত। তাঁর এমন শিশুসুলভ আচরণও আমি মেনে নিয়েছিলাম। কিন্তু একটা সময়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি তাঁকে বলি, ‘দেখ জিয়া, আমি তোমাকে সব সময় আগলে রাখার চেষ্টা করে যাচ্ছি। বয়সে আমি তোমার চেয়ে চার বছরের ছোট। তোমার অতীত জীবনের সবকিছু জানার পরও আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। এমনকি নিজের বাবা-মা-বোনের চেয়েও তোমাকে আমি বেশি ভালোবাসি। যতদিন যাবে এই ভালোবাসা তত বেশি তীব্র হবে। দোহাই লাগে, তুমি আমাকে অবিশ্বাস করো না।’
অভিযোগ উঠেছে, আপনি জিয়াকে গর্ভপাতে বাধ্য করেছিলেন?
একদিন জিয়া আমাকে বলল, ‘আমার শারীরিক কিছু সমস্যা হচ্ছে। আমরা কি একজন চিকিত্সকের কাছে যেতে পারি?’ আমরা একজন চিকিত্সকের কাছে গেলাম। তিনি জিয়াকে একটি ওষুধ দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। এরপর আর কোনো সমস্যা হয়নি। জিয়ার গর্ভপাতের বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের সময় আমি বলেছি, ‘স্যার, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু গর্ভধারণের বিষয়ে সে আমাকে কিছুই জানায়নি।’ গর্ভপাতের সময় জিয়ার সঙ্গে তাঁর একজন পারিবারিক চিকিত্সক ছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিশ্চিত করেছেন, গর্ভপাতের সময় আমি জিয়ার পাশে ছিলাম না।
আপনাদের বিচ্ছেদের নেপথ্যে কোন বিষয়টি মুখ্য ভূমিকা রেখেছে?
মৃত্যুর এক মাস আগে এক সকালে জিয়া কাঁদতে কাঁদতে আমার বাসায় এসে বলল, ‘মার সঙ্গে আমার ঝগড়া হয়েছে।’ সেদিন তাঁর হাতে সামান্য ক্ষতচিহ্ন আমার নজর এড়ায়নি। আমি তাঁকে না বলে তাঁর বাসায় গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম, ‘জিয়ার সঙ্গে কী আপনার ঝগড়া হয়েছে? আপনি কি তাঁর গায়ে হাত তুলেছেন?’ জবাবে তিনি বললেন, ‘না, আমি কখনোই আমার মেয়ের গায়ে হাত তুলিনি।’ আমি বললাম, ‘জিয়ার মানসিক অবস্থা মোটেও ভালো নয়। তাঁর চিকিত্সার প্রয়োজন। আমি তাঁকে সবরকম সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি।’ আন্টি বললেন, ‘সুরজ, তোমাকে ধন্যবাদ। তুমি একদম দুশ্চিন্তা করো না। মানুষের মনোযোগ আকর্ষণের জন্য মাঝে-মধ্যেই জিয়া উলটা-পালটা কাজ করে। ১১ বছর বয়স থেকেই সে এমনটা করে আসছে। তুমি নিশ্চিত থাকতে পার যে সে আত্মহত্যা করবে না।’ আমি বাসায় ফিরে জিয়াকে জানালাম, তাঁর মায়ের সঙ্গে আমি দেখা করেছি। এটা শুনে জিয়া চলে গেল। কিছুক্ষণ পর জিয়ার মায়ের লেখা একটি মুঠোফোন বার্তা পেলাম আমি। সেখানে লেখা ছিল, ‘সুরজ, আমি চাই না আমার মেয়ের সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক থাকুক।’ এমনিতেই আমার প্রতি জিয়ার প্রবল অবিশ্বাস আমি একদমই সহ্য করতে পারছিলাম না। এ ছাড়া প্রতিদিন তাঁর কান্নাকাটি দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। সবচেয়ে বড় কথা, মা-মেয়ের সম্পর্কের মাঝে দেয়াল হতে চাইনি বলেই জিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। ধীরে ধীরে আমি জিয়ার কাছ থেকে দূরে সরে যাই।
গত ৩ জুন সোমবার আত্মহত্যা করার আগে জিয়া আমাকে ফোন দিয়ে বলেছিল, ‘আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।’ জবাবে আমি বললাম, ‘তোমার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়।’ এটাই ছিল জিয়ার সঙ্গে আমার শেষ কথা। ঘণ্টা দুয়েক পর বাবার কাছে জিয়ার আত্মহত্যার খবরটি জানতে পারি আমি। এই ঘটনায় আমার চেয়েও বেশি কেঁদেছেন আমার বাবা। তিনি বারবার বলছিলেন, ‘আগে যদি জিয়ার সমস্যার কথাগুলো জানতাম, আমি হয়তো তাঁকে সাহায্য করতে পারতাম।’
জিয়ার শূন্যতা কী অনুভব করেন?
হ্যাঁ। বেঁচে থাকতে বহুবার আমার বাসায় এসেছে জিয়া। ঘরের প্রতিটি কোনায় তাঁর স্মৃতিচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে আছে। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তাঁর মনটাও অনেক সুন্দর ছিল। আমি ধূমপান কিংবা মদ্যপান করি না। সব সময় যুক্তি দিয়ে সবকিছু দেখার চেষ্টা করি। আমি আবেগী এবং শান্ত স্বভাবের একজন মানুষ। এমনকি কেউ উত্তেজিত করার চেষ্টা করলেও আমি নিজেকে শান্ত রাখতে পারি। আমার ভেতর সামান্য যে ক্রোধের অনুভূতি ছিল জিয়ার মৃত্যুর পর সেটাও চলে গেছে। জীবনে সুদিন দেখার জন্য জিয়ার অপেক্ষা করা উচিত ছিল। আমাকে এভাবে একা ফেলে গিয়ে সে মোটেও ভালো কাজ করেনি। আমি জানি, জিয়া আত্মহত্যা করায় আমাকে যে কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা সে নিজেও চায়নি। আমি জিয়ার জীবন কেড়ে নিইনি। বরং তাঁর জীবনে অতিরিক্ত ১০ মাস যোগ করেছি। তাঁর জীবনে যদি আমার উপস্থিতি না থাকত তাহলে আরও অনেক আগেই সে আত্মহত্যার চেষ্টা করত। হয়তো সফলও হতো। আমি এখনো জিয়াকে ভালোবাসি। আমাদের দুজনার হূদয়ের বন্ধন আজও অটুট আছে। সারা জীবন যদি আমার নামের সঙ্গে জিয়ার নামটি জুড়ে থাকে, তবুও কোনো অনুশোচনা হবে না আমার।