জিল্লুর রহমান সিদ্দিকীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​গতকাল সন্ধ্যায় ছায়ানট ভবনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জিল্লুর রহমান সিদ্দিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সন্‌জীদা খাতুন l ছবি: প্রথম আলো
​গতকাল সন্ধ্যায় ছায়ানট ভবনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জিল্লুর রহমান সিদ্দিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সন্‌জীদা খাতুন l ছবি: প্রথম আলো

একেবারেই ঘরোয়া আয়োজন। ছায়ানট-ভবনের তৃতীয় তলার রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে জিল্লুর রহমান সিদ্দিকী স্মরণসভার আয়োজন করেছিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। তবে শুরুতে কথা বলতে এসে সারওয়ার আলী বললেন, ‘এটি কোনো শোকসভা নয়, আমরা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে স্মরণ করছি গভীর ভালোবাসায়।’ গানে, কথায় সাজানো পুরো আয়োজনে সেই ভালোবাসারই প্রকাশ ঘটল। ছোট পরিসরের আয়োজন হলেও নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল এ অনুষ্ঠান।
‘আপনি তো দেখেছেন মাটি সন্ধ্যা, পতিত বাগান, রাত খুব অন্ধকার ছিল যেন মধ্যযুগ নামা; হাজার বছর গেছে, পৃথিবী তো অগ্রসরমাণ...”—জিল্লুর রহমান সিদ্দিকীকে স্মরণ করে লেখা সৈয়দ শামসুল হকের এই কবিতাটি পাঠ করলেন সঞ্চালক ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পাঠ শেষে তিনি ডাকলেন সারওয়ার আলীকে। কবি, সম্পাদক, শিক্ষাবিদ—তিন সত্তায় জিল্লুর রহমান সিদ্দিকীকে অল্প কথায় মূল্যায়ন করলেন তিনি। বললেন, স্বল্পভাষী মানুষ হলেও আশ্চর্য রসবোধ ছিল মানুষটির মাঝে।
সারওয়ার আলীর বক্তৃতার পরেই শুরু হয় গান। শুরুতে পরিষদের উত্তরা শাখার শিল্পীরা সমবেতভাবে পরিবেশন করেন ‘জাগো অমৃত পিয়াসী’ ও ‘শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?’। এরপর একক পরিবেশনা। বুলবুল ইসলাম গাইলেন ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে’ ও ‘তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ’। পরের শিল্পী লাইসা আহমেদ শোনালেন ‘এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা’, ‘চির সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না’ গান দুটি। তাঁর গানের পরেই প্রয়াত শিক্ষাবিদের পরিবারের পক্ষ থেকে কথা বলতে এলেন তাঁর ছোট বোন হাসনা বানু। কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘ভাই হলেও তাঁর কাছ থেকে পেয়েছি পিতৃস্নেহ। আমার আব্বা-আম্মার সব ভালো গুণ ভাইয়া পেয়েছিলেন। এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার।’
পর্যায়ক্রমে একক কণ্ঠে গাইলেন ফাহমিদা খাতুন, এ টি এম জাহাঙ্গীর, মিতা হক। এই তিন শিল্পীর গানের পর পরিষদের কেন্দ্রীয় শিল্পীরা শোনালেন দুটি সমবেত গান। এরপর কথা বলতে আসেন সন্জীদা খাতুন। জানালেন, কাজের সূত্র ধরেই জিল্লুর রহমান সিদ্দিকীর সঙ্গে তাঁর পরিচয়। বললেন, ‘তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমার নেই, তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ। তাঁর পথে যদি আমরা চলতে পারি, তাহলে তাঁকে পদে পদে পাব।’
সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনের স্মরণ আয়োজন।