জীবন গেছে সমুদ্রে
আবিদ শাহরিয়ার, কাজী আশিক মুস্তাফা ও মুস্তাকিন মাহবুব, এই তিন তরুণের স্মৃতিবিজড়িত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রের সমন্বয়ে তৈরি করা হয়েছে একটি প্রামাণ্যচিত্র। তার একটি দৃশ্যে আবিদ গাইছেন, ‘এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই—’।গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিসংলগ্ন ক্যাফেতে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা আয়োজিত অকালপ্রয়াত এই তিন তরুণের স্মরণসভায় তাঁদের নিয়ে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অভ্যাগতদের বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে আবিদ আর নেই। উপস্থিত সবার মুখের অভিব্যক্তি, শোক বইয়ে লেখা উক্তি, স্মৃতিচারণার মন্তব্যে এই মনোভাবই প্রকাশ পেয়েছে।শোক বইতে চ্যানেল আইয়ের রিজওয়ানুল লিখেছেন, ‘কবিগুরুর চলে যাওয়ার দিনে আজ তোমাদের গান গাইবার কথা ছিল। কথা ছিল, বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য বহুবিধ ভূমিকা রাখার। অথচ নিয়তির কী পরিহাস। কী আর বলব, বেদনার কোনো ভাষা নেই।’শবনম মুনির নামের এক অনুরাগী লিখেছেন, ‘আবিদ এমন একজন শিল্পী, যাঁর মাঝে কালজয়ী শিল্পী হয়ে ওঠার সব রকম গুণাবলি ছিল। তার চেয়ে বড় কথা, তিনি শিল্পী হিসেবে যত বড় ছিলেন, মানুষ হিসেবে ছিলেন তার চেয়ে বড়। আর তাই মানুষ তাকে এত ভালোবাসে।’স্মৃতিচারণাতেও এসব কথাই উচ্চারিত হয়। অনেকে বিষাদগ্রস্ত মনে তাঁদের সান্নিধ্যের স্মৃতিচারণাও করেন।আলোচনায় অংশ নেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী খুরশিদ আলম, চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, আফজাল হোসেন, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, আপন আহসান, মাহাদি ফয়সাল, এলিটা করিম প্রমুখ।এর আগে ছিল মিলাদ মাহফিল। এতে অকালপ্রয়াত তিন তরুণের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সি-ক্রাউন পয়েন্টে গত ২৯ জুলাই সন্ধ্যায় গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন রবীন্দ্রসংগীতশিল্পী আবিদ শাহরিয়ার, কাজী আশিক মুস্তাফা ও মুস্তাকিন মাহবুব। স্মরণ অনুষ্ঠানে এই তিন তরুণের আলোকচিত্র-সংবলিত ব্যানারে লেখা ছিল, ‘জীবনের ওপারে তোমরা থাকো শান্তিতে, পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা’/ ‘জীবন গেছে সমুদ্রে, আমরা ভেসে আছি শোকের সাগরে...’ খুলনায় মানববন্ধন: খুলনা অফিস জানায়, আবিদ শাহরিয়ারের সাগরে ডুবে মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে খুলনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। আবিদ স্মৃতি পরিষদের আহ্বানে সকাল ১০টা থেকে বিপুলসংখ্যক মানুষ খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য দেন কবি আবু বকর সিদ্দিক, আবিদ স্মৃতি পরিষদের আহ্বায়ক মইন উদ্দিন আহমেদ, অধ্যক্ষ জাফর ইমাম প্রমুখ। মানববন্ধন শেষে আবিদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবিদের বাবা মিনা মিজানুর রহমান।