জীবন চলুক মকবুলের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুরে ধানমন্ডির ৫ নম্বর রোডের লেকের ধারের এ বাড়িতে পা দিয়েই বাপ-বেটার খুনসুটি চোখে পড়ল। ছুটির দিনটা চার বছরের পুত্রসন্তান মীর ফরশাদকে নিয়ে জমিয়ে খেলা করছেন। সপ্তাহের বাকি দিনগুলোতে এমনিতেই অভিনয়ের ব্যস্ততা। তাই এই একটি দিন তিনি পরিবারের সঙ্গেই কাটিয়ে দেন।ইতিমধ্যে কেটে গেছে অভিনয়ের এক যুগ। প্রথমে যা ছিল নেশা, এখন সেটা পুরোদস্তুর পেশা। এখন যেকোনো চ্যানেলে অভিনেতা মীর সাব্বিরের উপস্থিতি চোখে পড়বে। সব ধরনের চরিত্রে পারঙ্গম এই অভিনেতা। তবুও অকপটে জানালেন, হাসি আর কৌতুকনির্ভর চরিত্রেই তিনি বেশি স্বচ্ছন্দ।এ ধরনের চরিত্রে বেশি কাজ করার তাগিদটাও কেন, তাও ব্যাখ্যা করলেন এভাবে। ‘আসলে ব্যক্তিগত জীবনে আমি যেমন হাসি-খুশি আর রসবোধসম্পন্ন মানুষ, বাস্তব বিষয়ে তার প্রতিফলন ঘটাতে চাই।’এ সময় টিভি চ্যানেলগুলোতে যে ধরনের গল্প নিয়ে নাটক বা ধারাবাহিক প্রচারিত হচ্ছে, তার মান নিয়ে সাব্বির মনে করেন, মতের ভিন্নতা রয়েছে। তবে এটা সত্য, কোনো নাটকই দর্শকের মনে দাগ কাটতে পারছে না।মীর সাব্বির বলেন, দর্শক দেখছে ঠিকই, কিন্তু পরক্ষণই আবার ভুলে যাচ্ছে। আর দু-একটা ভালো কাজ যা হচ্ছে, তা-ও চ্যানেল বদলানোর অস্থিরতায় চোখ এড়িয়ে যাচ্ছে।দেশি চ্যানেল থেকে বিদেশি চ্যানেলের প্রতি দর্শকের আকর্ষণ বেশি হওয়ার কারণটাও বললেন মীর সাব্বির। ‘একই ধরনের কাহিনি, চরিত্র, অভিনয়ের স্পট আর নির্দিষ্ট সংখ্যক অভিনেতাকে দেখেই হাঁপিয়ে উঠেছে দর্শক।’নাটক একটা শিল্প, আর এই শিল্পমাধ্যমকে নিছক বাণিজ্যিকভাবে ব্যবহার না করে বরং সুস্থ ধারায় বাঁচিয়ে রাখতে হবে বলে মনে করেন এই অভিনেতা। পাশাপাশি দুষলেন নাটকের ফাঁকে বিজ্ঞাপনের দৌরাত্ম্যকেও।ইদানীং নাটকে যে ধরনের ভাষার ব্যবহার, সে সম্পর্কে সাব্বিরের মতামতটাও জানা যাক। ‘নাটকের ভাষা প্রসঙ্গে যদিও নানা ধরনের অভিমত। তবে আমি বলব, ভাষার এই পরিবর্তন স্বাভাবিক। এটাকে অবক্ষয় না ভেবে বরং এই পরিবর্তন থেকে ইতিবাচক দিকটাকে গ্রহণ করা উচিত।’বর্তমানে তো মেগা সিরিয়ালের যুগ, কমেই গেছে এক ঘণ্টার নাটক। বেশ কিছু মেগা সিরিয়ালে কাজ করছেন তিনি।পাশাপাশি নাটক পরিচালনায়ও রয়েছে ব্যস্ততা। ‘অভিনয়টা আমার নেশা আর পেশা। তবে পরিচালনার কাজটা করছি একটু ধীরগতিতে। কয়েকটি এক ঘণ্টার নাটক পরিচালনা করেছি আগেই। আর এখন নিজের অভিনীত এবং পরিচালিত প্রথম মেগা সিরিয়াল মকবুল সপ্তাহে দুদিন প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়।তিনি বলেন, ‘মকবুল-এর ব্যাপারে আমি প্রথম থেকেই আত্মপ্রত্যায়ী ছিলাম। নিজেই এই চরিত্রটি করছি। দর্শকের মধ্যে যেন একঘেয়ে ভাব না আসে, তাই কয়েক পর্বের মধ্যে মকবুলকে ঘিরে একেকটা কাহিনির পরিসমাপ্তি ঘটাই। মকবুল একজন সাধারণ মানুষ। তার জীবন চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। আর মকবুল সেই ঘটনা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে।’নিজেকে একজন মকবুল হিসেবেই দেখতে চান কুশলী এই অভিনেতা। করতে চান ভালো কিছু কাজ, যে কাজ দর্শকের মনে ছাপ ফেলবে।কাজের চাপে ভুলে যাননি সংসার আর সন্তানকে। সহধর্মিণী ফারজানা চুমকি আর মীর ফরশাদকে ঘিরে সুখের সংসার তাঁর।সাব্বির মনে করেন, পরিকল্পনা করে কাজ করলে সব কাজই ঠিকভাবে করা সম্ভব।এরই মাঝে তাঁর কোলে জায়গা দখল করে নিয়েছে ফরশাদ। তবে এই মায়ামাখা দৃশ্য অভিনয় নয়, পুরোটাই বাস্তব।