জীবন-মরণের সীমানা ছাড়ায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো ব্যানারের মাঝখানে শিল্পী কলিম শরাফীর স্মিত হাসিমুখ। সামনে ফুল। অগণিত অনুরাগীর সমাবেশ। হেমন্তের সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিষাদমাখা পরিবেশ। হূদয় খুঁড়ে বেদনা জানানো কথা হলো তাঁকে নিয়ে, স্মৃতিজাগানিয়া গান হলো। তাঁর গাওয়া ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে’ গানটি যখন বাজছিল, তখন তিনি অনতিক্রমনীয় দূরত্বে। গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পী কলিম শরাফীর নাগরিক শোকসভার পরিবেশটা ছিল এমনই।‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে’ অনুষ্ঠানের শুরুতে গানটি করলেন লিলি ইসলাম। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসান আরিফ। শিল্পীর সংগীত সাধনা ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, রফিকুল ইসলাম, হাশেম খান, গোলাম কুদ্দুছ, ফকির আলমগীর, তপন মাহমুদ, ঝুনা চৌধুরী, হাসি বিশ্বাস, আজিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘কলিম শরাফী ছিলেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের বাতিঘর। তিনি ছিলেন আকর্ষণীয় চরিত্রের অধিকারী। বেশভূষা ও কথাবার্তায় পরিশীলিত-পরিমার্জিত। কর্মজীবনে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো সংগীত থেকে বিচ্যুত হননি, যুক্ত ছিলেন আদর্শিক কাজের সঙ্গে। তাঁর মধ্যে লোকজ সংস্কৃতি ও সংগ্রামী জীবন দুই ধারার অপূর্ব সমন্বয় ঘটেছিল। তাঁর গায়ন পদ্ধতির অভিনবত্ব এমন এক বৈভব এনেছিল, যা শ্রোতাকে বিমোহিত করে। এ রকম একজন গুণী শিল্পীকে হারিয়ে আমরা বেদনার্ত।’ বক্তারা আরও বলেন, নতুন প্রজন্ম কলিম শরাফীর মতো বরেণ্য শিল্পীদের দৃষ্টান্ত অনুসরণ করে বাঙালি সংস্কৃতিকে সমুন্নত রাখবে। তাঁরা কলিম শরাফীর প্রিয় সংগঠন ‘সংগীত ভবন’কে রক্ষার মাধ্যমে তাঁর স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। শুরু হলো ‘হিউম্যান টাওয়ার’জাপানের প্রখ্যাত শিল্পী সেৎসু সুজুকির স্থাপনা শিল্পকর্ম প্রদর্শনী ‘হিউম্যান টাওয়ার’ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সকালে অনুষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও রফিকুন নবী। চারুকলা অনুষদের ডিন মো. মাতলুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিসকো খারাসাওয়া, সাইতো মিসকো, মাসায়ে সুজুকি, নিসার হোসেন ও শেখ আফজাল। অনুষ্ঠানে শিল্পী সেৎসু সুজুকি তাঁর শিল্পকর্ম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। ‘তাউ প্রজেক্ট’-এর আয়োজনে এই প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।ওরে গাড়িয়াল বন্ধু রেভাওয়াইয়া গান মানে ভাবের গান, প্রেমের গান, বিরহের গান। গত ১২ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও গানের দল ‘ভাওয়াইয়া’র আয়োজনে অনুষ্ঠিত হয় ভাওয়াইয়া গানের কর্মশালা। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ছিল কর্মশালার সমাপনী উপলক্ষে সনদ বিতরণ ও ভাওয়াইয়া গানের আসর। অতিথি ছিলেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। স্বাগত বক্তব্য দেন ভাওয়াইয়ার পরিচালক সফিউল আলম। আলোচনা ও সনদ বিতরণের পর শিল্পীরা ‘তুই ক্যানে ডাকিলি নিশা রাইতে’, ‘বাবা কেরামত আলীর দোয়ায়’, ‘আরে ও নিদয়ারে’, ‘ওরে গাড়িয়াল বন্ধু রে’, ‘বাওকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’সহ বিভিন্ন জনপ্রিয় ভাওয়াইয়া গেয়ে শোনান।