‘কেউ এসেছে বহুদূরের অড়হরখেত থেকে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে, জননী শিশুকে বাড়িতে রেখে আসেনি।’ লোরকার স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কবির মৃত্যু’ কবিতায় এ মানুষগুলো এসেছিল একজন কবির মৃত্যুদৃশ্য প্রত্যক্ষ করতে। তেমনি একটি দৃশ্যের অবতারণা হয়েছে গত ৩১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আঙিনাজুড়ে। বিভিন্ন বয়সের শত শত নারী। কেউ এসেছেন চা-বাগানের এলাকা থেকে, আবার কেউ এসেছেন পাটগ্রাম থেকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন এসব নারীরা। এঁরা কারা? কেনই বা তাঁরা এসেছেন? বুঝতে দ্বিধা নেই, এঁরা সবাই সভ্যতার আলোকিত ও শক্তিশালী শিল্পমাধ্যম থিয়েটারের পদপ্রান্তে নিবেদিতপ্রাণ নারী নাট্যকর্মী। এঁরা কোনো মৃত্যুদৃশ্য দেখতে আসেননি। এঁরা এসেছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে তৃতীয় নারী নাট্যকর্মী সম্মেলনে। থিয়েটার চর্চায় নারীরা জীবনের সর্বক্ষেত্রে যে সংকট ও প্রতিবন্ধকতার জাঁতাকলে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন, তার থেকে মুক্তির উপায় খুঁজতে।‘উয়ারী-বটেশ্বর শিকড়ের সন্ধানে আমাদের যাত্রা’ শীর্ষক সেলিম আল দীন নাট্যোৎসবে আয়োজন করা হয় তৃতীয় নারী নাট্যকর্মী সম্মেলন। জীবনকে রঙিন করতে আকাশে রঙিন বেলুন এবং জীবনকে মুক্ত করতে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।শিমূল ইউসুফের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথিদের আসনে ছিলেন সারা যাকের, লাকী ইনাম ও ফাল্গুনী হামিদ। সম্মেলনে মঞ্চে ‘নারী: সংকট ও সম্ভাবনা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের নারী নাট্যকর্মী রুমা মোদক। প্রবন্ধের ওপর আলোচনা করেন কাজী রোজী, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, রোকেয়া রফিক বেবী, ইশরাত নিশাদ, ত্রপা মজুমদার, আইরিন পারভীন প্রমুখ। সবার আলোচনার মধ্য দিয়ে মঞ্চে নারী নাট্যকর্মীদের সংকটের স্বরূপ যতটা উদ্ঘাটিত হয়েছে, ততটা সম্ভাবনার দিকও উন্মোচিত হয়েছে। সম্মেলনের একপর্যায়ে প্রবন্ধকার রুমা মোদকের সঙ্গে কথা বললে তিনি জানান, এ রকম সম্মেলনের ফলে আমাদের নারী নাট্যকর্মীরা মনের চাপা দুঃখ-কষ্ট, আবেগ-অনুভূতি সবার সঙ্গে মন খুলে বলার সুযোগ পাচ্ছে। এ প্রবন্ধে সংকটগুলো চিহ্নিত করে তার সমাধানের জন্য কর্মপরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু রাজধানীকেন্দ্রিক নাট্যচর্চার না করে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিকেন্দ্রিত করার কথা বললেন রুমা মোদক।দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নাট্যকর্মীরা যখন শিল্পকলা একাডেমীর শীতাতপ নিয়ন্ত্রিত সেমিনার রুমে স্পিকারে কথা বলছিলেন, তখন চারপাশটা বেশ থমথমে হয়ে গেল। থিয়েটার চর্চা করতে গিয়ে তাঁদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। কোনো কোনো কর্মী বলেই ফেললেন, অভিভাবকদের বোঝানোর জন্য তাঁদের কর্মশালা করানোর কথা। বগুড়ার কাহালু থিয়েটারের নাট্যকর্মী গুলশান আরা নাটকের একটি গানে গানে ব্যক্ত করলেন তাঁর মনের বেদনার কথা:ও বিধিরে জন্ম ক্যানে দিলে আমায়কষ্টে ভরা এই দুনিয়ায়আমি পাইলাম না সুখ এই জীবনেকাঁদতে কাঁদতে দিন ফুরায়।ক্ষণিকের জন্য মনের অজান্তে সবার চোখের কোণে জল এসেছিল গান শুনে। এসব নাট্যকর্মীর প্রসঙ্গ নিয়ে কথা বললাম। আলোচক রোকেয়া রফিক বেবী, কাজী রোজী, মোমেনা চৌধুরী এবং সভাপতি শিমূল ইউসুফের সঙ্গেও কথা বললাম। সবার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে এসব নাট্যকর্মী এখানে এসে নিজেদের মনকে হালকা করতে পেরেছেন এবং নতুন মনোবল ও পথনির্দেশনা নিয়ে নিজ নিজ অঞ্চলে ফিরে যেতে পারবেন। কারও কারও মতে শুধু সংকট বের করলে চলবে না, সমাধানের আশু পদক্ষেপও গ্রহণ করতে হবে। তাঁদের জন্য আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সরকারি পৃষ্ঠপোষকতা এবং সংবাদমাধ্যমের সহায়তার কথা উঠে এসেছে আলোচকদের মুখ থেকে।বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেলে গড়িয়ে এলে সম্মেলনের শেষ প্রান্তে এসে সভাপতি শিমূল ইউসুফ বলেন, ‘নাট্যকর্মীদের বর্তমান লড়াইয়ের সঙ্গে আমার মনে পড়ে যায় আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের কথা, আমাদের বীরাঙ্গনা মা-বোনদের জীবনের লড়াইয়ের কথা।’ মানসিকভাবে বিকলাঙ্গ না হওয়ার জন্য সবাইকে মুক্তচিন্তা ও মানসিক মুক্তির জন্য নাট্যচর্চাকে ধারণ করার পরামর্শ দেন তিনি।গঠন করা হয় জাতীয় নারী নাট্যকর্মী সম্মেলন পরিষদ। সারা দিনের নারী নাট্যকর্মীদের আলোচনার পর হঠাৎ কথা বলেন একজন পুরুষ নাট্যকর্মী নাসির উদ্দীন ইউসুফ। কারণ, পুরো আয়োজনটি তাঁর সার্বিক তত্ত্বাবধানে হয়েছিল। নাটক ও সাংস্কৃতিক চর্চায় নারীকে বাধা প্রদান করে, এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি জোর দাবি জানান তিনি।সব শেষে নারীর মুক্তি ব্যতীত মানুষের সার্বিক মুক্তি কখনো সম্ভব নয়। তাই সব প্রগতিশীল পুরুষকে সোচ্চার ও সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়ে এ সম্মেলনকে ঢাকা ঘোষণা করা হয়।