জীবনটাই আমার অভিনয়মঞ্চ
ঘড়ির অ্যালার্ম শুনে চোখে ঘুম নিয়েই বিন্দুকে বিছানা ছাড়তে হয়। তারপর আজ উত্তরা তো কাল গাজীপুর। যাওয়া-আসার সময়টায় যে বুজে একটু ঘুমিয়ে নেবেন, সে সুযোগ কোথায়?একটার পর একটা ফোন। শিডিউল মেলাতে হয়। কখনো কখনো মেজাজটা খিটখিটে হয়ে যায়। কিন্তু কী-ই বা করার আছে তাঁর! পেশা যে এখন অভিনয়। শুধু কি ক্যামেরার সামনেই অভিনয় করতে হয় তাঁকে?‘বাসা থেকে বেরোনোর সময় এক ধরনের অভিনয় করতে হয়। এরপর শুটিং সেটে গিয়ে এক ধরনের অভিনয় করতে হয়। সাজুগুজু করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আরেক ধরনের অভিনয় করতে হয়। পুরো জীবনটাই আসলে আমার অভিনয়মঞ্চ।’ বিন্দু হাসতে হাসতে বলছিলেন কথাগুলো।কত দিনই বা হলো বিন্দুর অভিনয়জীবনের? মাত্র সাড়ে চার বছর আগে কাজ শুরু করেছিলেন। তাঁর সঙ্গে যাঁরা শুরু করেছিলেন, তাঁদের কেউ আছেন, কেউ নেই। বিন্দু আছেন এবং এই সময়ে ছোটপর্দার একজন প্রিয় মুখ হয়েই আছেন।মজার ব্যাপার হলো, এ বছরের শুরুতেই বিন্দুর পেশা বদলানোর কথা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে বিবিএ শেষ করে মার্চ মাস থেকে চাকরি করবেন, এ ঘোষণাও দিয়েছিলেন। চাকরিটা আর হলো না।‘১৭ জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিলাম। সর্বশেষ একটা ঘটনার কথা বলি। বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠানে আমাকে ডাকা হলো। সেদিন ছিল সাক্ষাৎকারের পর্ব। আমাকে দেখামাত্র দুজন বললেন, “আপনি চাকরি করবেন?” আমি ঠান্ডা গলায় বললাম, “জি।” তাঁরা এবার বললেন, “দেখুন, আপনাকে চাকরি দিলে বাংলাদেশের সব পরিচালক এসে আমাদের মারবেন।” ‘আমি তাঁদের কথায় হাসব, না কাঁদব! অফিস থেকে বেরিয়ে সেদিন অনেকক্ষণ কেঁদেছি। সিদ্ধান্ত নিলাম, অভিনয়টাকেই পেশা হিসেবে নেব। এবং নিয়েছিও।’অভিনয়কে পেশা হিসেবে নিয়ে বিন্দু এখন অনেকটাই খুশি। নিজের পছন্দমতো গাড়ি কিনেছেন। দুই হাতে পয়সা রোজগার করেন এবং তা তিনি মনের আনন্দে খরচ করেন। কিন্তু আনন্দের সঙ্গে যে দুঃখও বাস করে।বিন্দুকে বিনোদনভুবনে নিয়ে এসেছিলেন তাঁর মা। এখন সেই মা-ই চান না বিনোদনজগতে বিন্দু কাজ করুন। যেদিন গাড়িটা কিনলেন, সেদিন বিন্দুর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। আর বাবা, যে বাবা একদিন মেয়েকে আদর না করলে অস্থির হয়ে যেতেন, সেই বাবাও অভিমান করে আছেন। একমাত্র ভাই। কদিন আগে বাইরে থেকে নেতিবাচক কথা শুনে বাসায় এসে বলতেই সবার দাবি—‘অভিনয় ছাড়ো।’‘আমি বুঝি যে তাঁদের কোনো দোষ নেই। সম্প্রতি আমাদের বিনোদনভুবনে যে অঘটনগুলো ঘটেছে, তাতে করে এখন বিনোদন-অঙ্গনের শিল্পীদের প্রত্যেক অভিভাবকই তাঁদের সন্তানদের নিয়ে চিন্তিত। আমি চেষ্টা করেছি বাসার মানুষকে বোঝাতে যে আমি এমন কিছু করব না, যা তাদের সম্মানে আঘাত করবে। কিন্তু কে শোনে কার কথা! দেখা গেল আস্তে আস্তে বাসার সবাই মেনে নিচ্ছে, কিন্তু পাশের বাড়ির কেউ এসে বলছেন, “আপা, মেয়েকে অভিনয় থেকে ফিরিয়ে আনুন। মেয়ের বিয়ে দেবেন কীভাবে?” ব্যস, শুরু হয়ে গেল। এ বিষয়গুলো আমাকে কষ্ট দেয়। তার পরও আমি অভিনয় করছি। কারণ, আমার শরীরের শিরা-উপশিরায় অভিনয়টা ঢুকে গেছে। এটা এখন আমার কাছে একধরনের নেশার মতো। হুট করে অভিনয় ছাড়ব না। বাবা-মা এবং পরিবারের সবার কাছেই আমি প্রমাণ করতে চাই যে আমি সম্মান নিয়ে এ অঙ্গনে কাজ করেছি এবং যত দিন কাজ করব, তত দিনই সম্মান নিয়ে কাজ করব।’ঢাকা থেকে ৫৬ কিলোমিটার দূরে গাজীপুরের ভবানীপুরের ম্যাক্সভ্যালি শুটিং স্পটে বসে কথাগুলো বলছিলেন বিন্দু। তাঁর কথার মধ্যে ছিল দৃঢ়তা এবং চোখে-মুখে ছিল চ্যালেঞ্জের প্রতিচ্ছবি।বিন্দুকে ডাকলেন পরিচালক হিমেল আশরাফ। সহশিল্পী সজলের সঙ্গে বিন্দু পুকুরপাড়ে গেলেন। সেখানে প্রেমের দৃশ্যের শুটিং হবে। দৃশ্যটির কাজ শেষ। বিন্দুর কাছে জানতে চাইলাম, ‘এই হরহামেশা প্রেমের দৃশ্যে কাজ করছেন। এভাবে প্রেমের সংলাপ আওড়াতে আওড়াতে কারও সঙ্গে কি প্রেম হয় না?’বিন্দু হাসেন। হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার দশা! ‘স্কুলজীবনে প্রেম করিনি। কলেজজীবনটা কেটেছে মায়ের কঠোর নজরদারিতে। আর বিশ্ববিদ্যালয়-জীবনটাতে তো পড়াশোনা আর অভিনয়—এ দুটোতেই চ্যাপ্টা হয়ে গিয়েছি।’‘তার মানে কি জীবনে প্রেম আসেনি?’বিন্দুর দৃষ্টি সরে যায় অন্যত্র। ‘হিমেল, আমরা এরপর কোন দৃশ্যটির কাজ করব?’আবার জানতে চাই। ‘প্রেম আসেনি, এ কথা বললে ভুল বলা হবে। এসেছিল। একসঙ্গে কাজ করতে করতে অনেক সময় ভালো লাগার অভিব্যক্তি তৈরি হয়ে যায়। আমারও সে রকম হয়েছিল। কিন্তু সেই প্রেম এখন আর নেই। এখন আমি একদম একা। আর প্রেম-ট্রেমও করতে চাই না। এসব ভাবি না। ভাবি শুধু কাজের কথা। কোন চরিত্রটা করলে আমার জন্য ভালো হবে, সেই চরিত্রের সন্ধান করি।’ বলছিলেন বিন্দু।আবার বলি, ‘যাঁর সঙ্গে সম্পর্ক হয়েছিল, তিনি কি আপনারই কোনো নায়ক?’বিন্দু কোনো উত্তর দেন না। ‘বাদ দেন না! যে এখন নেই, তাকে নিয়ে কথা বলেই বা কী...।’বিন্দুর ডাক আসে। আবার ক্যামেরার সামনে দাঁড়ান। এই মুহূর্তে বিন্দু একাধিক নাটকের কাজ করছেন। সামনে ঈদ। কাজ কম করবেন বললেও শেষ পর্যন্ত প্রায় ২৫টি নাটকে দেখা যাবে বিন্দুকে। জানতে চাইলাম, এত এত কাজ, এখান থেকে কী পাচ্ছেন তিনি?‘ভালোবাসা। মানুষের কাছ থেকে যে সাড়া পাই এবং ভালোবাসা পাই, তা-ই আমাকে আরও বেশি উৎসাহিত করে। এই যেমন ধরুন, আমি একটা থানা শহরে বা নতুন জায়গায় শুটিং করতে গেলাম। তখন আমাকে অনেকেই এসে বলে, “আপা, আপনার ওই নাটকটা দেখলাম”, কী যে ভালো লাগে তখন! এই ভালো লাগাটা কিন্তু কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ’কিন্তু বেশি কাজ করলে কাজের মান তো নষ্ট হয়ে যায়। বিন্দু কথাটা একদিক দিয়ে মানেন, আবার মানেন না। বলেন, ‘কাজ যখন করি, তখন তো সিরিয়াসলি করি। যদি খারাপ হয়, সেটা তো আসলে অনেক কারণেই হতে পারে। বেশি কাজ করলে শিল্পীর ওপর চাপ পড়ে। শিল্পী যদি তখন মাথা ঠান্ডা রেখে কাজ করে, তাহলে কাজ খারাপ হওয়ার কারণ নেই।’বিন্দু ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ শুরু করেছিলেন অনেক আগে। কিন্তু কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে। দারুচিনি দ্বীপ-এর পরে জাগো । তারপর যে প্রত্যাশা নিয়ে পিরিতের দোকানদারি করেছিলেন, সেটা আসলে তাঁকে হতাশ করেছে। এরপর এই তো প্রেম ছবিতে কাজ করছেন। এ ছবির ফলাফল দেখার অপেক্ষায় আছেন বিন্দু। এ ছবির ফলাফল দেখে বিন্দু সিদ্ধান্ত নেবেন, তিনি কোথায় কাজ করবেন। ছোটপর্দা, নাকি বড়পর্দা। তত দিন অপেক্ষা...।