জীবননাটকের ৭০তম মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবিবুল ইসলাম
তবিবুল ইসলাম

শুভ জন্মদিন তবিবুল ইসলাম। আমাদের বাবু ভাই। জীবনের ৬৯টি গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে ১৭ সেপ্টেম্বর তিনি পা ফেললেন সত্তরের বসন্তে। থিয়েটার ও নাট্যজনের জন্মলগ্ন থেকে আছেন।

জন্ম কলকাতায়। ১৯৪৪ সালে, খিদিরপুরে। দেশ স্বাধীন হওয়ার পরে বাবার আয়কর বিভাগের চাকরির সুবাদে প্রথমে খুলনায়, পরে বরিশালে বসবাস। বরিশাল জিলা স্কুলে পড়াশোনার সময়েই অভিনয়ে সম্পৃক্ততা, পরবর্তীকালে যা জুড়ে বসেছে তাঁর জীবনের আঙিনা। প্রথম নাটক এস ওয়াজেদ আলীর কথার হেরফের। বড় মঞ্চের হাতেখড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষরক্ষা নাটকে, শিবচরণ চরিত্রে। উল্লেখযোগ্য নাটকের চরিত্রের ঝোলায় যুক্ত হতে পারে ওথেলোর ব্রেভেনশিও, সেনাপতির বাড়িওয়ালা, জমিদার দর্পণ-এর বড় জমিদার কিংবা তেভাগার পালার বড় জমিদার। শুধু দেশেই নয়, বাংলা মঞ্চনাটককে তিনি বিস্তৃত করেছেন দেশের বাইরেও। এই উপমহাদেশ ছেড়ে বাংলা মঞ্চনাটক প্রথম ১৯৮১ সালে দক্ষিণ কোরিয়ার সোলে ‘পায়ের আওয়াজ’ ফেলেছিল। সেখানে ছিলেন তিনি। তৃতীয় বিশ্ব নাট্যোৎসবে। এর পরই এল ভাঙন। ১৯৮২ সালে থিয়েটার ভেঙে দুই ভাগ হলো, তিনি শুরু করলেন থিয়েটারের আরামবাগ শাখা। তবে ভাঙার মধ্যেই তিনি গড়েছেন আরেকবার মঞ্চকে। সেই দলকে দিয়েই ১৯৮৬ সালে দিল্লি, কলকাতা ও জয়দেবপুর দাবড়ে বেড়িয়েছেন জমিদার দর্পণ নিয়ে। ১৯৯৭-এ গড়লেন নাট্যজন। প্রয়াত হুমায়ূন আহমেদের লেখা প্রথম মঞ্চনাটক মহাপুরুষ স্পটলাইটে এসেছিল তাঁর অনুরোধে। শুধু মঞ্চেই আটকে থাকেনি তাঁর অভিনয়কলা। সত্তরের দশকে চুটিয়ে নাটক করেছেন টেলিভিশনে। এরই পাশাপাশি একটি স্বায়ত্তশাসিত করপোরেট কোম্পানির ঢাকা বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে।

এই সব ছাপিয়ে তাঁর কাছে পরম প্রাপ্তি মঞ্চপ্রেমী অসংখ্য মানুষের ভালোবাসা। ভালোবাসেন স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখেন, তরুণ নাট্যকর্মীরা একদিন মঞ্চনাটককে ভালোবেসে নাট্যকর্মী হবেন, সস্তা জনপ্রিয়তার ঘুণপোকা কাটবে না তাঁদের মঞ্চপ্রেমী মন। সবিশেষ একটি কথা। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় নিজের কিছু লেখা নিয়ে তাঁর জন্মদিন উপলক্ষে সত্তর পৃষ্ঠার একটি বই প্রকাশিত হয়েছে। নাম অরণ্যে রোদন।

মঞ্চনাটক নিয়ে একজীবন কাটিয়ে দেওয়া এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাই আরেকবার। জীবনটা যদি হয় রঙ্গমঞ্চ, তাহলে বাবু ভাই, সেখানে আপনার এই বয়সে কোনো ট্র্যাজেডি নয়, বরং ক্লাইম্যাক্স আসুক এবার। আরও কিছু অপার বিস্ময়ে থমকে যাওয়া কাজ যুক্ত হোক আপনার বৃত্তে।