আজ ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের ৬১তম মৃত্যুবার্ষিকী। কবিকে স্মরণ করে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বিকেলে সংগঠনের তোপখানা রোডের কার্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম নিয়ে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তর লেখা প্রবন্ধ পাঠ করা হবে। থাকবে গান ও আবৃত্তি পরিবেশনা।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরে থাকছে নানা আয়োজন। জাতীয় জাদুঘর ১৮ অক্টোবর বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে ‘কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য’ শিরোনামের একটি আলোচনার আয়োজন করেছিল। তারই সূত্র ধরে জাতীয় জাদুঘরের লবিতে চলছে কবি জীবনানন্দ দাশের গ্রন্থের প্রদর্শনী।
জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর ব্যক্তিগত সংগ্রহ থেকে জীবনানন্দবিষয়ক প্রায় ১৫০টি বই এই গ্রন্থ প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।