জীবনানন্দের কবিতার আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করছেন স্বরচিত্রের শিল্পীরা
জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করছেন স্বরচিত্রের শিল্পীরা

বাংলার রুপে তিনি বারবার মোহিত হয়েছিলেন। লিখেছেন ‘বাংলার মুখ আমি দেখিয়াছি/তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’। এই বাংলার সবুজ-শ্যামলের প্রতি মোহাবিষ্ট ছিলেন কবি জীবনানন্দ। ১৮৯৯ সালে বাংলাদেশের বরিশালে জন্ম এ কবির। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। ২২ অক্টোবর মারা যান কবি। তাঁকে স্মরণ করে আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হল ‘ধ্রুপদী পদ্য জীবনের’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান।
জীবনানন্দ দাশের নির্বাচিত কবিতায় সাজানো অনুষ্ঠানটির আয়োজন করে স্বরচিত্র, আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার দোলায়িত ছন্দে মোহাবিষ্ট হলো কবিতাপ্রেমীরা। কাব্যমালার শিল্পিত উচ্চারণে ভাবের ব্যঞ্জনায় উপস্থাপিত হলো নানা বিষয়। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কবিতাখানি পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বাঁশির সুরেলা শব্দধ্বনির সঙ্গে সম্মিলন ঘটিয়ে সাম্মিরুন ইসলামের কণ্ঠে উচ্চারিত হয় কবিতাটি। খান জাহাঙ্গীর আলম পাঠ করেন ‘ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল’ শিরোনামের কবিতা। নাজমুন নাহার পঠিত কবিতাটি ছিল, ‘নদী, নক্ষত্র ও মানুষ’। ‘নগ্ন নির্জন হাত’ কবিতাটি আবৃত্তি করেন আনিসুর রহমান। ‘নদী’ নামের কবিতাপাঠ করেন সুস্মিতা সাহা। আসিফ আরমানের কণ্ঠে উচ্চারিত কবিতার শিরোনাম ছিল ‘আমি যদি হতাম’। ‘অদ্ভুত আঁধার এক’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন শিপ্রা রহমান। এছাড়াও একক কণ্ঠে কবিতাপাঠ করেন মোস্তাফিজ তানভীর, মীম জাহান তন্নী, কানিজ ফাতেমা আলম, সাদমান আলিফ, তামান্না ডেইজী ও মাহিদুল ইসলাম।
সব মিলিয়ে পাঠ করা হয় ২৭টি কবিতা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া আয়োজনটি চলে ২ ঘন্টা, সাড়ে ৮টায় যখন মাহিদুল ইসলাম ‘আবার আসিব ফিরে’ আবৃত্তি করছিলেন, তখনও মিলনায়তনে শ’খানেক শ্রোতা মুগ্ধ হয়ে শুনছিলেন বাংলার প্রকৃতিকে নিয়ে বলা সুন্দর কথাগুলো।