
১৯৫৪ সালের ১৪ অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হন কবি জীবনানন্দ দাশ। ২২ অক্টোবর মারা যান কবি। তাঁকে স্মরণ করে গতকাল জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো ‘ধ্রুপদি পদ্য জীবনের’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান।
জীবনানন্দ দাশের নির্বাচিত কবিতায় সাজানো অনুষ্ঠানটির আয়োজন করে স্বরচিত্র, আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র।
মঙ্গলবার সন্ধ্যায় ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মঞ্চের এক পাশে ছিলেন একজন বংশীবাদক। কবিতার আবহের সঙ্গে মিল রেখে সুর তুলছিলেন তাতে। বাঁশির সুরেলা শব্দধ্বনির সঙ্গে সম্মিলন ঘটিয়ে একে একে উচ্চারিত হয় ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’, ‘ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল’, ‘নদী, নক্ষত্র ও মানুষ’, ‘নগ্ন নির্জন হাত’, ‘নদী’, ‘আমি যদি হতাম’ ইত্যাদি কবিতা। একক আবৃত্তি করেন সম্মিরুন ইসলাম, খান জাহাঙ্গীর আলম, নাজমুন নাহার, আনিসুর রহমান, সুস্মিতা সাহা, শিপ্রা রহমান, মীম জাহান, তামান্না ডেইজী প্রমুখ। শেষে মাহিদুল ইসলাম শোনান ১৫টি কবিতা।