জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেডিও চকলেট। আনিসুল হকের গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। তিনি জানালেন, কয়েক দিন ধরে তিনি বাসায়ই আছেন। বাসায় কেন? কোনো সমস্যা?হ্যাঁ, ১৭ মে আমার একটা অপারেশন হয়েছে। শরীরের পেছন দিকে। ২৩ মে বাসায় এসেছি। ডাক্তার তো এক মাস পুরো বিশ্রাম দিয়েছেন। কিন্তু সামনে ঈদ—ঈদের কাজ, এখন কয়েকটি ধারাবাহিক নিয়মিত প্রচারিত হচ্ছে—এগুলোর কাজ। বুধবার ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তার কী বলেন।আপনি তো লন্ডন গিয়েছিলেন, ওখানে গ্লোব থিয়েটারে ‘টেম্পেস্ট’ নাটকে অভিনয় করেছেন। কেমন অভিজ্ঞতা হলো?এটি আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। মজার ব্যাপার হলো, তিন হাজার দর্শক একসঙ্গে বসে নাটক দেখছেন, কিন্তু মঞ্চে কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয় না। ১৫৯৯ সালে নির্মিত গ্লোব মঞ্চের স্থাপত্য নকশার কারণেই তা প্রয়োজন হয় না। মঞ্চের কিছু জায়গা আছে, সংলাপ বলার সময় ওই জায়গাগুলো বেশি ব্যবহার করা হয়। এবার বেড়ানোর কথা বলুন।আমরা লন্ডনে ছিলাম ১০ দিন। সেখান থেকে গিয়েছিলাম তুরস্কের ইস্তাম্বুলে। ওখানে ছিলাম দুই দিন। ইস্তাম্বুলে আমরা গিয়েছিলাম টপক্যাপি মিউজিয়াম, ব্লু মস্ক আর ফসফরাস প্রণালিতে। ফসফরাস প্রণালির একদিকে এশিয়া, অন্যদিকে ইউরোপ। আমরা ফেরি দিয়ে এক পার থেকে অন্য পারে গিয়েছি। ইস্তাম্বুলে থাকার সময় আমি অসুস্থ হয়ে পড়ি। দেশে ফিরে হাসপাতালে ভর্তি হই। ‘রেডিও চকলেট’ নাটকে আপনি আর আপনার স্ত্রী রোজী সেলিম একসঙ্গে অভিনয় করছেন। নাটকে স্ত্রীর ভয়ে আপনি বেশ আতঙ্কিত থাকেন। বাস্তব চিত্রটা কী রকম?বাস্তবের সঙ্গে একেবারেই মিল নেই। রোজী একটু চঞ্চল ও অস্থির, নাটকে শুধু ওর এই অংশটুকুর সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। আমরা কিন্তু একই নাটকে একসঙ্গে বছর দশেক পর অভিনয় করছি। আর এই নাটকে অভিনয়টা আমরা দুজনই বেশ উপভোগ করছি।