জীবনের গল্প

: এবার নিজের জীবনের গল্প নিয়েই গান করেছি।
: তাই নাকি! আপনি নিজেই লিখেছেন?
: যেভাবে একটি গান লেখা হয়, আমার এই গানটি সেভাবে হয়নি। যখন যে স্মৃতি মনে হয়েছে, তা-ই সুর-ছন্দ-তাল দিয়ে গেয়েছি। পরে আবার যখন শুনেছি, পছন্দ না হলে তা ঠিক করেছি। প্রয়োজনে বাদ দিয়েছি। একসময় যখন পুরো গানটি তৈরি হলো, তখন মনে হলো, গানটি যাঁরা শুনবেন, তাঁরা এখানে আমার জীবনের গল্প পাবেন।
: গানটি তৈরি করতে কতটা সময় লেগেছে?
: অনেক দিন।
কথা হচ্ছে আইয়ুব বাচ্চুর সঙ্গে। ২০ জুলাই সন্ধ্যায়, মগবাজারে আইয়ুব বাচ্চুর স্টুডিও এবি কিচেনে। আলাপের সময়টা চূড়ান্ত হয়েছিল ঈদের আগে।
বিমানবন্দর থেকে সরাসরি চলে এসেছেন স্টুডিওতে। জানালেন, ঈদের পরদিন পরিবারের সবাইকে নিয়ে তিনি গিয়েছিলেন চট্টগ্রামে। সেখান থেকেই ফিরেছেন।
এবার ডিজিটাল প্রযুক্তিতে নিজের গান প্রকাশ করেছেন আইয়ুব বাচ্চু। নিজের একক গানের অ্যালবাম। অ্যালবামের নাম জীবনের গল্প। গান রয়েছে ১০টি। একটি ছাড়া বাকি সবকটি গান লিখেছেন সাজ্জাদ হোসেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু নিজেই। অ্যালবামটি প্রকাশ করেছে গ্রামীণফোন।
বললেন, ‘ছয় বছর পর আমার একক গানের অ্যালবাম বেরিয়েছে। জীবনের গল্প আমার ১২তম অ্যালবাম। সর্বশেষ বেরিয়েছিল বলবি কখনো।’
এবি কিচেনেই দিনের বেশির ভাগ সময় থাকেন আইয়ুব বাচ্চু আর তাঁর ব্যান্ড এলআরবির সদস্যরা। এখানেই তাঁরা নতুন নতুন গান তৈরি করেন, পুরোনো গান চর্চা করেন, কনসার্টের জন্য প্রস্তুতি নেন। সেদিন সন্ধ্যায় আইয়ুব বাচ্চু ছাড়া আর কাউকেই দেখা যায়নি স্টুডিওতে।
: এলআরবির অন্য সদস্যরা কোথায়?
: সবার এখন ঈদের ছুটি। তবে কাল (২১ জুলাই) থেকে আবার শুরু হবে। বুধবার ভোরে আমরা গান করব চ্যানেল আইয়ে। অনুষ্ঠানের নাম ‘চ্যানেল আই রক ধামাকা’। তার জন্য কিছু প্রস্তুতি নেব। অনুষ্ঠান শুরু হবে ভোর চারটা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে প্রবাসী দর্শকদের জন্য। অনুষ্ঠানের নামটা কিন্তু আমিই দিয়েছি।
এবার শুনব আইয়ুব বাচ্চুর ঈদের গল্প।
: ঈদের দিন কী করেছেন?
: ঈদের দিন আমার বাসায় একটা বড় পারিবারিক–পুনর্মিলনী হয়। এই যেমন সকালে নামাজের পর আমার তিন ভাই ও তাদের পরিবার, আমার স্ত্রীর বড় ভাই ও তাঁর পরিবার, এলআরবির সদস্যরা সবাই এসে জড়ো হন আমার বাসায়। কয়েকজন আত্মীয়ও এসেছেন। এরপর বিকেল পর্যন্ত চলে আড্ডা আর খাওয়া-দাওয়া।
: গান?
: না না, গান তো সব সময়ই করছি, এখানে আর গান নয়। তবে পুরো ব্যাপারটায় উৎসব উৎসব ভাব থাকে।
: আর কিছু?
: রাতে স্ত্রী আর ছেলেমেয়েকে নিয়ে গিয়েছি শ্বশুরের বাসায়।
: এবার ঈদে ঈদি পেয়েছেন?
: ঈদি পাই না, তা ২০ বছর হলো। তখন নানু দিতেন। তিনি মারা যাওয়ার পর আর পাইনি।
: আপনি দিয়েছেন?
: আমি যেহেতু বড়, আমাকে তো দিতেই হবে। এই ঈদি দেওয়ার মধ্যেও কিন্তু আনন্দ আছে।
এবার এলআরবির খবর। আইয়ুব বাচ্চু জানালেন, সামনে ঈদুল আজহায় আসছে এলআরবির নতুন অ্যালবাম। এলআরবির সর্বশেষ অ্যালবাম বের করেছিল রবি। এবারের অ্যালবামটির ব্যাপারে একাধিক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে।
এলআরবির এই অ্যালবামে থাকছে ১০টি নতুন গান। আইয়ুব বাচ্চু জানালেন, এরই মধ্যে অ্যালবামটির দুটি গান শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। গান দুটি হলো ‘রাখে আল্লা মারে কে’ ও ‘বাংলাদেশ ৪’। বিভিন্ন কনসার্টে অনেক দিন থেকেই গাওয়া হচ্ছে গান দুটি।
আইয়ুব বাচ্চু নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করছেন অনেক দিন থেকেই। আর এ ব্যাপারে তেমন কোনো আওয়াজ করেননি। বললেন, ‘সবাইকে চমক দিতে চেয়েছি।’
ফেসবুকের মাধ্যমে ১৫ জন ছেলেমেয়েকে বেছে নেন আইয়ুব বাচ্চু। তাদের দিয়ে নতুন নতুন গান তৈরি করেছেন। এই কাজটি শেষ হয়েছে অনেক দিন হলো। বললেন, ‘কাজটি খুব ভালো হয়েছে। ওরা দারুণ গেয়েছে। এবার অ্যালবামটি শ্রোতারা শুনতে পাবেন।’
জানালেন, এই অ্যালবামের গানগুলোও শ্রোতারা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমেই শুনতে পাবেন।
এদিকে ১৯৯১ সাল থেকে বর্তমান পর্যন্ত এলআরবি এবং নিজের অ্যালবামের সব গান নতুন ভাবে প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন আইয়ুব বাচ্চু। বললেন, ‘ক্যাসেটের ফিতার যুগ শেষ হয়েছে অনেক বছর হলো। অডিও সিডির সময়ও শেষ। এখন গান পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্মে। আমরা প্রযুক্তির সঙ্গেই থাকতে চাই। প্রযুক্তিই আমাদের গানগুলো পৌঁছে দেবে শ্রোতাদের কাছে।’
আলাপ শেষে আইয়ুব বাচ্চু যাচ্ছেন ধানমন্ডিতে, তাঁর বাসায়। বললেন, ‘আমি তো গান নিয়েই আছি। কাল থেকে আবার গান। আজ একটু বিশ্রাম নেব।’