
১৯৪৭ সাল। শেষ বিকেলের তোলা একটি আলোকচিত্র। পাকিস্তানের লাহোরের ওয়াল্টন রেলস্টেশনের পরিত্যক্ত একটি মালবাহী ট্রেনের বগিতে ঠাঁই নিয়েছে ভারত থেকে আসা কয়েকটি উদ্বাস্তু পরিবার। বগির ভেতরে-বাইরে তারা তাদের সাংসার পেতে বসেছে। ট্রেন যেখানে আবাসও সেখানে নামের এই ছবিতে ভারত ভাগের পরে মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে। ছবিটি স্থান পেয়েছে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনের দেয়ালে। সেখানে গত শনিবার থেকে চলছে দক্ষিণ এশীয় আর্কাইভের কিছু নিদর্শন নিয়ে ‘জীবনের গল্প: যাপিত জীবন’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী।
পৃথিবীতে প্রতিটি দেশের যেমন ভৌগোলিক অবস্থান আলাদা, তেমনি প্রতিটি দেশের মানুষেরও রয়েছে নিজস্ব জীবনধারা। আছে আপন ঐতিহ্য-সংস্কৃতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষেরও রয়েছে আপন ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও স্বতন্ত্র জীবনধারা। এই অঞ্চলের মানুষের ইতিহাস-ঐতিহ্যমাখা জীবনের স্মারক এখন শোভা পাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনীতে। দক্ষিণ এশীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা আলোকচিত্রের সঙ্গে আনুষঙ্গিক বর্ণনার সম্মিলন ঘটিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। ছবির সঙ্গে যুক্ত হয়েছে পোস্টার, ক্যালেন্ডার ও চিঠিপত্র। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও নেপালের ইনস্টিটিউট ফর সাউথ এশিয়ান রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ।
ভারতের পাঞ্জাব ও নেপালের কাঠমান্ডুর পর বাংলাদেশে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ব্যক্তিগত ও বেসরকারি সংগ্রহশালা থেকে বাছাইকৃত আলোকচিত্র ও নিদর্শন ঠাঁই পেয়েছে। প্রদর্শনী চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।