জীবনের জন্য প্রীতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এবার বেশ ভালোভাবেই মাঠে নামছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। এরই অংশ হিসেবে তিনি আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে ধর্ষণবিরোধী প্রচারণায় অংশ নিচ্ছেন। ‘For Life—জীবনের জন্য’ শিরোনামের সমাজসচেতনতামূলক এ প্রচারণায় প্রীতমের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ থাকবেন বলেও জানান তিনি। প্রীতম আহমেদের উদ্যোগে সচেতনতা তৈরির এই কাজে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাহাত সালেকীন।প্রথম আলো ডটকমকে প্রীতম বলেন, ‘নাগরিক জীবনের যতটা সুবিধা পাওয়া দরকার, কমবেশি তা আমরা পাই। কিন্তু নাগরিক হিসেবে আমাদের যতটা সচেতন থাকা দরকার, আমরা ততটা সচেতন নই। পৃথিবীর বিভিন্ন শহরের মানুষের বিবেচনায় আমাদের শহরের মানুষের নম্রতা-ভদ্রতাও কিছুটা কম। তাই তাদের মধ্যে সচেতনতার বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছি।’ প্রীতম আরও বলেন, ‘আমার বিশ্বাস, যুবসমাজের একটা শ্রেণীর মধ্যে সমাজের বিভিন্ন সমস্যা দূর করার ভাবনাটা প্রতিনিয়ত কাজ করে। কিন্তু তাদের সাংগঠনিক ঐক্য না থাকার কারণে তারা তা করতে পারে না। তাই আমরা এ বিষয়টা নিয়ে সাংগঠনিকভাবে উদ্যোগ নেওয়ার কথা ভাবছি।’প্রাথমিকভাবে ধর্ষণবিরোধী প্রচারণার কাজ করলেও সামনে সামাজিক সচেতনতা তৈরির অন্যান্য কাজও শুরু করবেন বলে জানান প্রীতম। পাশাপাশি ঢাকার বাইরেও এই কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় সমাজের নানা অনিয়ম নিয়ে প্রীতম অনেক গান তৈরি করেছেন। সর্বশেষ, ৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির দিন নিহত পথচারী বিশ্বজিত্ দাসকে নিয়ে প্রীতমের তৈরি গানটি বেশ প্রশংসিত হয়।