জীবনের জোয়ার ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি, পরের ম্যাচে বড়সড় একটা গোল্লা। ক্রিকেটের মতো খেলাধুলায় এমন বিতিকিচ্ছিরি কাণ্ড হয় বইকি। তাই বলে ছায়াছবির পর্দায়? হ্যাঁ, ছায়াছবির দুনিয়ায় সেঞ্চুরি বা শূন্য রানের ব্যাপার নেই সত্যি, কিন্তু একই বছরে অস্কার জয়ের এক দিন আগে কেউ যদি সে বছরই রেজি জেতেন, সেটা ব্যাখ্যা করার জন্য এই ক্রিকেটীয় বিশ্লেষণ ছাড়া আর গতি কী? এদ্দিনে অবশ্য প্রায় সবারই জানা হয়ে গেছে, হলিউডের ইতিহাসে অভূতপূর্ব এই ঘটনার জন্মদাত্রীর নাম স্যান্ড্রা বুলক। কাছের বন্ধুবান্ধব আহ্লাদ করে তাঁকে ডাকেন ‘স্যান্ডি’। তো, স্যান্ডির পুরো ক্যারিয়ারটাই আসলে এমন। উত্থান আর পতনে ভরপুর। একবার ফুলেফেঁপে আসমান ছোঁয়, তো পরেরবার একদম পাতালে। হাইস্কুলের গণ্ডি পেরিয়ে স্যান্ড্রা নাম লিখিয়েছিলেন ইস্ট ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে। অভিনয়বিদ্যায় ভালোয় ভালোয় স্নাতক হওয়ার সময় প্রায় হয়ে এসেছে, এমন সময় আচমকা পাগলামি ভর করল মেয়ের মাথায়—পেশাদার অভিনেত্রী হওয়া চাই। সেই ইচ্ছা মাথায় নিয়েই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখায় ইস্তফা দিয়ে তাঁর আগমন নিউইয়র্কে। ১৯৮৬ সালের কথা। প্রথম সুযোগ মিলল পরের বছর; হ্যাংম্যান নামের ছবিতে। শুরুতেই ‘কেল্লা ফতে’ যাকে বলে, ব্যাপারটা মোটেও সে রকম কিছু হলো না। এক-দুই করে গোটা দশেক ছবি পেরিয়ে গেল। খ্যাতির খাতায় অর্জন বলতে সেই বড়সড় দুই গোল্লা। ডিমলিশন ম্যান নামের মারদাঙ্গা ছবিতে প্রথম খ্যাতির দেখা মিলল। সেই খ্যাতির রেশ মিলতে না-মিলতেই এল স্পিড। ছবির বড় একটা অংশ বলতে গেলে কিয়ানু রিভসের সঙ্গে বিস্ফোরণোন্মুখ এক বাস চালনা করেই পার করেছেন তিনি। আর কী কপাল! সেই বাস চালনা দেখেই সম্ভবত হলিউডে শোরগোল। জগেজাড়া খ্যাতি। তারপর হোয়াইল ইউ অয়ার স্লিপিং, দ্য নেট, এ টাইম টু কিল, মিস কনজিনিয়ালিটি—সব মিলিয়ে বছর ছয়েক মোটামুটি কাটল। কিন্তু ২০০০ সাল পার হতে না-হতেই আবার ক্যারিয়ারে ভাটার টান। চার বছর প্রায় উধাও হয়ে থাকার পর ক্র্যাশ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে দুঁদে সমালোচকদের কাছে প্রমাণ করেছিলেন নিজের ক্ষমতা। সেই সুখ্যাতিও দীর্ঘস্থায়ী হয়নি। গেল পাঁচ বছরে মোটামুটি ‘নেই’ হয়ে গিয়েছিলেন তিনি। একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর ছবি। একরকম নীরবে-নিভৃতে বিদায় নিয়েছে কোনো কোনোটা। স্যান্ড্রাকে বুঝি ভুলতে বসেছিল সবাই। এর মধ্যেই বলা নেই কওয়া নেই, এল সর্বসাম্প্রতিক দ্য ব্লাইন্ড সাইড ঝড়। গোল্ডেন গ্লোব বলুন, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বলুন—সব পটাপট নিজের জিম্মায় নিতে শুরু করলেন স্যান্ডি। সবাই যখন মোটামুটি কবুল করে নিয়েছেন যে এ দফায় অস্কারটাও না বাগিয়ে থামবেন না তিনি, তখনই গল্পে নাটকীয় মোড়। কোন ফাঁকে অল অ্যাবাউট স্টিভ নামের একটা দ্বিতীয় শ্রেণীর রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে অভিনয় করে রেখেছিলেন, সেখানেই বিপত্তি। অস্কারের আগের রাতে সারা দুনিয়া অবাক হয়ে দেখল, সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে রেজি পুরস্কার জিতে বসে আছেন তাদের প্রিয় অভিনেত্রী। সেরা অভিনেত্রীর অস্কার ঠিক ঠিক জিতেছেন; কিন্তু রেজি অ্যাওয়ার্ডটা কি এবার না নিলেই হতো না? স্যান্ড্রাই ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক, ছবির ভাগ্যে যা-ই ঘটুক, স্যান্ড্রা বুলকের জন্য তাঁর ভক্তদের ভালোবাসার কমতি পড়েনি কোনো কালেই। তাঁর সম্পর্কে হলিউডের সিনেসাংবাদিকদের দুটো উক্তি দিয়ে শেষ করি—‘সবাই স্যান্ড্রা বুলককে ভালোবাসতে ভালোবাসে। এমনকি তাঁরাও, যারা তাঁর ছবি দেখে মুখ সিটকায়।’ ‘স্যান্ড্রা অবলীলায় একটার পর একটা বাজে ছবিতে অভিনয় করবেন। করেই যাবেন। এর পরও তাঁকে পছন্দ না করাটা কঠিন। খুব কঠিন।’