জুজুৎসু শিখছেন ক্যাটরিনা!
বলিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ‘ধুম৩’ চলচ্চিত্রের জন্য শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন, তৈরি করছেন সুঠাম শরীর। শুধু শরীরচর্চাতেই ক্ষান্ত হননি ক্যাট; শিখছেন জুজুৎসু বা মার্শাল আর্ট, জিমন্যাস্টিক আর পারক্যর। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে।ক্যাটরিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্যাটরিনা কাইফের হাতে এখন ব্যস্ত শিডিউল। লাদাখে শাহরুখ খানের সঙ্গে যশরাজ ফিল্মের একটি চলচ্চিত্রের পাশাপাশি শিকাগোতে আমির খানের সঙ্গে ‘ধুম৩’ ছবির কাজের জন্যও প্রস্তুতি নিতে হচ্ছে। এরই মধ্যে ক্যাটরিনা সময় ও মনোযোগ দিচ্ছেন নিজের শরীরচর্চা আর জুজুৎসু শিখতে।ঘনিষ্ঠ ওই সূত্র জানিয়েছে, ‘ধুম৩’ চলচ্চিত্রে ক্যাটরিনাকে বেশ কিছু অ্যাকশন-দৃশ্যে কাজ করতে হবে। এ জন্য নিজেকে সুঠাম দেহের অধিকারী দেখতে চান তিনি। চলচ্চিত্রের কলাকুশলীরা এটাই চাইছেন। সালমান খানের সঙ্গে ‘এক থা টাইগার’ চলচ্চিত্রটির সাফল্যের পর আমির খানের সঙ্গে ‘ধুম৩’ চলচ্চিত্রেও নিজের শতভাগ ঢেলে অভিনয় করতে চান এ অভিনেত্রী। মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে কঠোর শরীরচর্চায় সময় কাটছে তাঁর।সূত্রটি আরও জানিয়েছে, প্রতিটি চলচ্চিত্রে শুটিং শুরুর আগেভাগেই অনেক বিষয়ে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। ‘এক থা টাইগার’ চলচ্চিত্রে বিশেষ ‘বেলি ড্যান্স’ শেখার জন্য সময় বেঁধে প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি ‘শিলা কি জাওয়ানি’ নামের আইটেম গানটি শুটিংয়ের আগেও তিনি কঠোর ডায়েট কন্ট্রোল করেছিলেন।