জুটি এবং খুনসুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনের গল্প-১ধানমন্ডিতে আড্ডা দিচ্ছিলেন নিরব। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল ধীরগতিতে। এক বন্ধু বলল, সারিকা যাচ্ছে।কয়েক মুহূর্তের দেখা। সেই রাতেই সারিকার মুঠোফোনের নম্বর জোগাড় করে ফেললেন নিরব। ‘হ্যালো, আমি নিরব।’‘কী খবর, নিরব ভাই?’‘আমি ফোন করলাম একটা ব্যাপারে।’ ‘সিনেমায় অভিনয় করবা? এই জায়গাটায় তোমাদের আসা উচিত।’‘না, ভাইয়া, সিনেমায় কাজ করব না। করতে পারলে ভালো হতো। কিন্তু বাবা-মা অনুমতি দেবেন না।’ ‘তাহলে আসো না একটা ফটোসেশন করি। দেখি কেমন লাগে?’‘তা করা যায়।’তারপর ফটোসেশনে দেখা। আলাপ, পরিচয়। কাজ শেষে আবার যে যার পথে। আর দেখা নেই। দুজনই ব্যস্ত। পেছনের গল্প-২একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রে সারিকার কাজ করার কথা। কাজটা করতে এসে সারিকা জানতে পারলেন, তাঁকে ফোনে না পেয়ে অন্য একজনকে নেওয়া হয়েছে। কিছুটা মন খারাপ হলো তাঁর। নিরবও আছেন ওই বিজ্ঞাপনচিত্রে। তাঁকে রেখেই নীরবেই চলে গেলেন সারিকা। নিরবেরও মন খারাপ সারিকার জন্য। কিন্তু কেন? সারিকা কী হয় তাঁর! একই প্রশ্ন বারবার। ফটোসুটেও মনোযোগ নেই। বারবার মনে হচ্ছিল মেয়েটাকে বাদ দেওয়া ঠিক হয়নি। কিছু একটা করা দরকার। বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুটিং করতে গিয়ে বিপত্তি। বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেই। অন্যদিকে দুদিন পিছিয়ে যে কাজ করবেন সে সুযোগ নেই। কারণ, নায়িকার সিডিউল নেই। নিরব বিজ্ঞাপননির্মাতাকে বলে ফেললেন, ‘সারিকার সঙ্গে কথা হয়েছে। ও সিডিউল দেবে। আপনি দুদিন পরে আবার আয়োজন করেন।’অথচ নিরব সারিকাকে খুঁজে পাচ্ছেন না। সারিকা ফোন ধরছেন না। এখন কী হবে! বিজ্ঞাপননির্মাতাকে কী করে মুখ দেখাবেন! রাতের বেলা সারিকা ফোন ধরলেন। নিরব বেশ উত্তেজিত।‘ফোন ধরো না কেন? তুমি ওই বিজ্ঞাপনটিতে কাজ করছ। আমি তোমার সঙ্গে কথা না বলেই জানিয়ে দিয়েছি।’সারিকা বিস্মিত। ছেলেটির সঙ্গে আমার দুদিনের পরিচয়। আর তাতেই কিনা কী দাবি তাঁর। আচ্ছা, ও আমার জন্য এতটা করছে কেন? দুদিন পরে বিজ্ঞাপনের কাজ করতে গেলেন সারিকা ও নিরব।‘আমরা মোট ছয় দিন কাজ করেছি। আমার কাছে মনে হয়, আমাদের দুজনের জীবনের অন্যতম সেরা দিন ছিল এই ছয় দিন।’ বললেন সারিকা।‘আসলে এই ছয় দিনে আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। আর কথার ফাঁকে কথা বলে দুজনই জেনে নিয়েছিলাম যে আমরা কি একা, নাকি দোকা?’ বললেন নিরব।কাজের জুটিটা এভাবেই গড়ে ওঠে। তারপর সেখান থেকে বন্ধুত্ব, প্রেম ও ভালোবাসা। এখন তাঁরা দুজন দুজনকে জীবনসঙ্গী করে তোলার অপেক্ষায়। জুটি যখন হয়েছেন, তখন খুনসুটি তো হয় নিশ্চয়। সেই গল্প শোনা যাক দুজনের কাছ থেকে।পেছনের গল্প-৩একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করার পরে আবার দুজনের মধ্যে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেল। সামান্য কারণে ঝগড়া। দুই মাস কোনো কথা নেই। একদিন হঠাৎ সারিকার এসএমএস। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করতে এসে আমাদের পুরোনো স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ছে। তোমাকে খুবই মিস করছি।’সারিকার এমন এসএমএস পেয়ে বরফ যেন গলল। দুজনের মনেই দুজনকে দেখার আকুতি।একটি অনুষ্ঠানে গেলেন তাঁরা দুজন। এ দিনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। সবাই লক্ষ করলেন যে দুজনই কালো রঙের পোশাক পরে এসেছেন। অনেকের প্রশ্ন, তোমরা কি দুজন আলোচনা করেই এ পোশাক পরেছ?নিরব তো কিরে কেটে বলেন, না। এটা কাকতালীয়।আর এই কাকতালীয় ব্যাপারটিই সত্যি ঘটনায় রূপ দিলেন সারিকা।নিরবকে জানালেন আমরা দুজন একসঙ্গে একই অনুষ্ঠানে যখন যাব, তখন একই রকম পোশাক পরব। আর এ জন্য একই পোশাক দুজনের জন্য কিনতে হবে এখন থেকে।যেমন কথা তেমন কাজ। ব্যাংকক, মুম্বাই মালয়েশিয়ায় কেনাকাটা করতে গিয়ে দুজনই দুজনার জন্য একই রকম পোশাক কিনলেন। বাসা থেকে বেরোনোর আগে শুধু তাঁরা ঠিক করে নেন, আজ কোন পোশাকটা পরবেন।‘আমরা আসলে চাইছিলাম, বিনোদন অঙ্গনে আমরা নতুন একটা নমুনার স্বাক্ষর রেখে যাব। যাঁরা আসলেই জুটি, তাঁরা এভাবেই সবকিছুতে মিলিয়ে চলার চেষ্টা করবেন। আর আমরা আমাদের সম্পর্কটাকে কিন্তু লুকোচুরির মধ্যে রাখতে চাইনি। এই যে প্রকাশ্যে আমরা চলাফেরা করছি, এ নিয়ে কিন্তু কোনো বাজে কথা শুনতে হয় না।’জানতে চাইলাম, আপনাদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি হচ্ছে বিয়ে। সেটা হচ্ছে কবে? দুজনই বেশ সিরিয়াস। বললেন, এটা বলা যাবে না। বিয়ে হতে পারে আবার সম্পর্ক ভেঙেও যেতে পারে। এটা চমক হিসেবে থাক। ‘তবে আমার ইচ্ছে বিয়েটা আমি পালিয়ে গিয়ে করতে চাই। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দেখে আমার মনে এই ইচ্ছা জেগেছে অনেক আগেই। সেটা না করতে পারলে খারাপ লাগবে।’ বললেন নিরব।সারিকা বললেন, ‘মোটেই না। আমার ইচ্ছে খুব ধুমধাম করে বিয়ে হবে। অনেক গয়না পরব। কয়েক দিন ধরে ঘটা করে অনুষ্ঠান হবে। গায়েহলুদ হবে। আর নিরব এটা বলছে, কারণ, তাহলে ওর পয়সা বেচে যাবে। হা হা হা।’