জুটি হচ্ছেন অভিষেক-কারিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের বাগদান ভেঙে গিয়েছিল ২০০৩ সালে। সেই থেকে অভিষেকের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করেননি কারিনা। ১০ বছর পর এবার সম্ভবত অভিষেকের সঙ্গে পুরোনো সেই দ্বন্দ্ব মেটাতে যাচ্ছেন তিনি। সম্প্রতি উমেশ শুক্লার ‘মেরে আপনে’ ছবিতে অভিষেকের বিপরীতে কাজের আগ্রহ দেখিয়েছেন বলিউডের অভিনেত্রী ও পতৌদির বেগম কারিনা কাপুর খান।অভিষেক বচ্চন ২০০২ সালের অক্টোবরে তাঁর বাবা অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রিয়তমা কারিশমা কাপুরের অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দিয়েছিলেন। কিন্তু মাত্র তিন মাসের মাথায় তাঁদের বাগদান ভেঙে যায়।২০০০ সালে মুক্তি পাওয়া ‘রিফিউজি’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক-কারিনা। পরে ২০০৩ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর আর কোনো ছবিতে অভিষেকের সঙ্গে দেখা যায়নি কারিনাকে।এর পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও খবর চাউর হয়েছিল, ২০০৩ সালের জানুয়ারিতে কারিশমার সঙ্গে অভিষেকের বাগদান ভেঙে যাওয়ার পর বচ্চন ও কাপুর পরিবারের সদস্যরা পারতপক্ষে একে-অন্যের ছায়া না মাড়ানোর পথ বেছে নেন।সম্প্রতি এক খবরে ‘মুম্বাই মিরর’ জানিয়েছে, উমেশ শুক্লার পরিচালনায় ‘মেরে আপনে’ ছবির প্রযোজক ভূষণ কুমার। ছবিটিতে অভিষেকের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছিল। কিন্তু পারিবারিক কাহিনিনির্ভর ওই ছবিতে অভিষেকের বিপরীতে নায়িকা পেতে নির্মাতা শুক্লাকে ভালোই বেগ পোহাতে হচ্ছে।সর্বশেষ গত বৃহস্পতিবার কারিনার দ্বারস্থ হন ছবির পরিচালক। প্রায় এক ঘণ্টা আলাপ-আলোচনার পর হাসি ফোটে শুক্লার ঠোঁটে। কারণ, ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন কারিনা। তিনি আগামীকাল সোমবার ছবিটির চিত্রনাট্যের খুঁটিনাটি নানা বিষয় সম্পর্কে জানবেন পরিচালকের কাছ থেকে।