জুটি হচ্ছেন সালমান-দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা-সালমান
দীপিকা-সালমান

একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা সালমান খান এবং দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ওয়ান ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো সালমান-দীপিকা জুটি উপহার দিতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা সুরজ বরজাতিয়া। সবকিছু ঠিক থাকলে সুরজের পরবর্তী ‘বড়ে ভাইয়া’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দীপিকা।  
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে সুরজের নির্দেশনায় কাজ করেছিলেন সালমান। অনেক দিন থেকেই সালমানকে নিয়ে ‘বড়ে ভাইয়া’ ছবিটির কাজ শুরুর পরিকল্পনা করছিলেন সুরজ। কিন্তু সালমান শিডিউল দিতে না পারায় অপেক্ষা করতে হয়েছে তাঁকে। অবশেষে ছবিটিতে অভিনয়ের জন্য সময় দিয়েছেন সালমান।  
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে ক্যাটরিনা কাইফসহ বলিউডের জনপ্রিয় প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই অভিনয় করেছেন ‘দাবাং’ তারকা সালমান। এবার ‘বড়ে ভাইয়া’ ছবির মাধ্যমে ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা দীপিকার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান।
সূত্রটি আরও জানিয়েছে, ‘বড়ে ভাইয়া’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজসহ বলিউডের জনপ্রিয় আরও কয়েকজন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন দীপিকা।