জুটি হলেন অপূর্ব-মেহজাবিন
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর অনেকেরই সঙ্গে অভিনয় করেছেন মেহজাবিন। কিন্তু অপূর্বর সঙ্গে অভিনয় করা হয়নি তাঁর। এবার সেটা হলো। সম্প্রতি একটি নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন মেহজাবিন। নাটকের নাম ‘অবশেষে অন্য কিছু’।শফিকুর রহমান শান্তনুর মূল গল্পে এক ঘণ্টার এই নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান নাহিদ। মেহজাবিন বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর অনেকের সঙ্গেই অভিনয় করেছি। অপূর্ব ভাইয়ার অভিনয় দেখতাম। খুব ভালো অভিনয় করেন তিনি। এবারে একসঙ্গে অভিনয় করা হলো। তাঁর সঙ্গে কাজ করা চমত্কার এক অভিজ্ঞতা। তা ছাড়া গল্পটাও ভালো হওয়ায় কাজটি করে বেশ ভালো লেগেছে।’‘অবশেষে অন্য কিছু’ নাটকটি ছাড়া মেহজাবিন আরও বেশ কয়েকটি নাটকের শুটিং করছেন। সামনে ‘পরবাসিনী’ ছবির শুটিংও শুরু করবেন বলে জানালেন তিনি। বললেন, ‘এপ্রিল মাসের প্রথম সপ্তাহে “পরবাসিনী” ছবির শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে। তারপরই হয়তো আবার কাজ শুরু করতে পারব।’‘অবশেষে অন্য কিছু’ অভিনয়শিল্পীরা হলেন: অপূর্ব, মেহজাবিন, বড়দা মিঠু, শ্যামা, রিজ, আমিনুর রহমান, তারেক মাহমুদ প্রমুখ।