জুটি হলেন ইমন-আঁচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বপ্ন যে তুই’ ছবির দৃশ্যে আঁচল ও ইমন
‘স্বপ্ন যে তুই’ ছবির দৃশ্যে আঁচল ও ইমন

‘স্বপ্ন যে তুই’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন ইমন ও আঁচল। ছবির কাহিনি রচনা করেছেন পাভেল। গ্রামের সহজ-সরল একটি ছেলে শহরে এসে নতুন পরিবেশে নিজেকে ধীরে ধীরে খাপ খাইয়ে কীভাবে একেবারেই বদলে ফেলে তা নিয়েই ছবির গল্প শুরু। তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারই এক বান্ধবী। নানা প্রতিবন্ধকতা আর ভালোবাসার দ্বন্দ্ব নিয়েই মূলত গড়ে উঠেছে মনিরুল ইসলাম সোহেলের প্রথম চলচ্চিত্র ‘স্বপ্ন যে তুই’-এর কাহিনি।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘আঁচলের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তাঁর সহযোগিতামূলক আচরণের প্রশংসা না করে পারছি না। পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে সময়োপযোগী একটি গল্পে এবং চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি যথেষ্ট আন্তরিকতা নিয়েই কাজটি করছি।’

আঁচল বলেন, ‘এখন সত্যিই কিন্তু চলচ্চিত্রের গল্পে বেশ পরিবর্তন এসেছে। ‘‘স্বপ্ন যে তুই’’ ছবির গল্প একেবারেই মৌলিক একটি গল্প। ইমনের সঙ্গে যদিও আমার এটি প্রথম কাজ, তার পরও আমরা বেশ বন্ধুভাবাপন্ন মন নিয়েই কাজটি করছি।’

‘স্বপ্ন যে তুই’ ছবিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সাদেক বাচ্চু, কাজী হায়াত্, মীরাক্কেল-৬-এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি, সজল ও জামিল।