জুনে আবারও অস্ত্রোপচার শাহরুখের
কাঁধের আঘাত না সারায় জুন মাসে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য লন্ডন যাচ্ছেন শাহরুখ খান।কয়েক বছর আগে একটি ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছিলেন শাহরুখ। আঘাত গুরুতর হওয়ায় অস্ত্রোপচারও করিয়েছিলেন। কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি। এ জন্য অনেক দিন থেকেই তাঁকে আবারও অস্ত্রোপচারের পরামর্শ দিয়ে আসছিলেন চিকিত্সকেরা।কিন্তু কাজের ব্যস্ততায় সময় বের করতে পারেননি কিং খান। অবশেষে ফুরসত মিলেছে তাঁর। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে কাঁধে অস্ত্রোপচার করাবেন তিনি। জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এখন পর্যন্ত বহুবার আঘাত পেয়েছেন ‘বলিউড বাদশাহ’খ্যাত শাহরুখ। বলা যায়, এ ক্ষেত্রে তিনি বিরল নজিরই স্থাপন করেছেন। আঘাত পাওয়ার কারণে এখন পর্যন্ত শাহরুখের পাঁজরের তিনটি হাড় ভেঙেছে, পায়ের গোড়ালি এমনকি ডান পায়ের আঙুলও ভেঙেছে। এ ছাড়া মেরুদণ্ড, বাঁ কাঁধ, গলা ও বাঁ পায়ের হাঁটুতেও জখম পেয়েছেন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেতা।