মা দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক নূপুর। নাটকটি লিখেছেন নাজনীন চুমকি, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন তারিন। কথা হলো তাঁর সঙ্গে।‘নূপুর’ নাটকে কাজ করতে কেমন লেগেছে?একজন নৃত্যশিল্পীর নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প নূপুর। আর এর পেছনে রয়েছে তার মায়ের ভূমিকা। ঘটনাটা আমার নিজের জীবনের সঙ্গেও বেশ মিলে গেছে। আমার মা তেমনি একজন। তাঁর কারণেই আজকের তারিনকে সবাই চিনছেন, জানছেন, টিভিতে দেখছেন। যদি মা না থাকতেন, তাহলে সাংস্কৃতিক অঙ্গনে আমার আসাই হতো না। মা আপনাকে কীভাবে সহযোগিতা করতেন?একেবারে পেছনে লেগে থাকতেন। পড়াশোনার পাশাপাশি নাচ আর গানের নিয়মিত চর্চা করানো, নাচের স্কুলে নিয়ে যাওয়া, বাসায় গানের শিক্ষকের কাছে বসানো, টিভি এবং বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া। আবার যখন নাটকে ব্যস্ত হয়ে গেলাম, তখনো তিনি আমার সঙ্গে থাকতেন। নানা বিষয়ে পরামর্শ দিতেন।আপনি তো অ্যালবামের জন্য গান গেয়েছেন। ওটার কী খবর?আমার প্রথম অ্যালবাম তৈরি হয়ে গেছে। নাম আকাশ দেব কাকে। আগামী জুন মাসের শেষ দিকে জি-সিরিজ থেকে অ্যালবামটি বাজারে আসবে। একেবারেই তাড়াহুড়া করিনি। নাটকের কাজের ফাঁকে ফাঁকে গান করেছি। সব কটিই আধুনিক গান। এখন টিভিতে আপনার কয়টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে?দুটি—এটিএন বাংলায় ক্যাফেটরিয়া আর এনটিভিতে কবি। ক্যাফেটরিয়ায় হুমায়ুন ফরীদি ভাইয়ের সঙ্গে শেষ কাজ করেছি। কবি নাটকে আমার চরিত্রের নাম ‘বসন’, ঝুমুর দলের শিল্পী। এ নাটক তৈরি হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে।