
এশিয়া-প্যাসিফিক স্ক্রিন পুরস্কার আয়োজনে ‘জুরি গ্র্যান্ড পুরস্কার’ পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছবিটি। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ব্রিসবেন সিটি হলে বসেছিল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘অস্কার’ বলে পরিচিত এই আয়োজনের ‘অ্যাওয়ার্ড নাইট’। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন টেলিভিশন ছবির অন্যতম চিত্রনাট্যকার আনিসুল হক ও অভিনয়শিল্পী তিশা। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ‘শ্রীলঙ্কার চলচ্চিত্রের রানি’ বলে খ্যাত অভিনেত্রী ও পরিচালক মালানি ফনসেকা। পুরস্কার নেওয়ার পর সবাইকে ধন্যবাদ জানান তিশা।
ব্রিসবেন থেকে মুঠোফোনে আনিসুল হক বলেন, ‘ইরানের আসগর ফরহাদির দ্য পাস্ট, জাপানের হিরোকাজু করিদার লাইক ফাদার লাইক সান এবং ভারতের রিতেশ বাত্রার দ্য লাঞ্চবক্স ছবিকে হারিয়ে পুরস্কার জিতেছে টেলিভিশন। এটা বাংলাদেশের জন্য খুবই সম্মানের। আমরা আনন্দিত।’
দ্য লাঞ্চবক্স জিতেছে দ্বিতীয় জুরি গ্র্যান্ড পুরস্কার। সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে ফিলিস্তিনের হানি আবু-আসাদের ওমর ছবিটি।
এবার এশিয়া-প্যাসিফিক স্ক্রিন পুরস্কারে সেরা ছবি এবং সেরা চিত্রনাট্য (আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী) বিভাগে মনোনয়ন পায় বাংলাদেশের ছবি টেলিভিশন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪১টি দেশের ২৩০টি ছবির মধ্য থেকে নয়টি বিভাগে এই পুরস্কার দিয়েছে এশিয়া-প্যাসিফিক স্ক্রিন একাডেমি।
‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ছিলেন না মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এখন দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। তাঁর নতুন ছবি পিঁপড়াবিদ্যা এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।