জুলাইতে আন্ডার কনস্ট্রাকশন

এক মেহেরজান ছবি নির্মাণ করেই বেশ আলোচনায় আসেন রুবাইয়াত হোসেন। আন্ডার কনস্ট্রাকশন তাঁর পরবর্তী ছবি। এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী জুলাই মাসে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন পরিচালক রুবাইয়াত।
রুবাইয়াত বলেন, ‘ছবিটি জুলাইয়ে মুক্তি দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রযোজক-পরিবেশক সমিতির কাছে সেই অনুযায়ী আবেদনও করেছি। দিন-তারিখ মিলে গেলেই জুলাইয়ে ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকেরা।’
রুবাইয়াত আরও বলেন, ‘এ দেশের নারীরা নিজেদের প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার ও নির্মাণ করছেন। মেয়েদের মধ্যে জীবনযাত্রাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা চলমান প্রক্রিয়া। মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের নগরজীবনের চালচিত্র এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমি মনে করি, এই ছবিটির মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের একটা প্রতিচ্ছবি দেখবেন সবাই।’
রুবাইয়াত এও বলেন, ‘শুধু গল্প নয়, ছবিটির সাউন্ড ডিজাইনসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর দিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি। ছবিটি দেখার পরই তা সবাই টের পাবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।’
আন্ডার কনস্ট্রাকশন ছবিতে রুনা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তাঁরা।
আন্ডার কনস্ট্রাকশন ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। ছবিটির অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
আন্ডার কনস্ট্রাকশন ছবিতে গান থাকছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ী। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।
গত বছরের আগস্টে ঢাকায় শুরু হয় আন্ডার কনস্ট্রাকশন ছবির শুটিং। ছবির শুটিংয়ে অংশ নিতে ২৫ জুলাই ঢাকায় আসেন শাহানা গোস্বামী।
রুবাইয়াত বলেন, ‘শাহানার কয়েকটি ছবি দেখেছি। একজন অভিনয়শিল্পীর মধ্যে কাজের প্রতি যে ত্যাগ আর মমত্ববোধ থাকা দরকার, তার সবই শাহানার মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তাঁর মিডনাইট চিলড্রেনস ছবিটি দেখে। আমার ছবির জন্য খুব ত্যাগী একজন অভিনয়শিল্পীর দরকার ছিল, যার সব গুণ শাহানার মধ্যে পেয়েছি।’
শাহানা প্রথম অভিনয় করেন নাসিরউদ্দিন শাহ পরিচালিত ইয়ু হোতা তো কেয়া হোতা (২০০৬) ছবিতে। এরপর তিনি অভিনয় করেন হানিমুন ট্রাভেলস প্রা. লি., রক অন, রুবারু, ফিরাক, মির্চ, ব্রেক কে বাদ, গেম, রা. ওয়ান, মিডনাইট’স চিলড্রেন, হিরোইনসহ আরও কয়েকটি ছবিতে। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ফিল্মফেয়ারসহ আরও কয়েকটি পুরস্কার।