জুলাইতে মা হচ্ছেন নোভা
মা হচ্ছেন অভিনয়শিল্পী নোভা। জুলাই মাসের শেষে তাঁর কোল জুড়ে আসবে নতুন অতিথি। নোভার প্রথম সন্তান বলেই হয়তো বর্তমানে এ অভিনয়শিল্পীর সব চিন্তাভাবনা নতুন অতিথিকে ঘিরেই। এমনকি এরমধ্যে সব ধরনের শুটিং করাও বন্ধ করেছেন তিনি। একমাত্র এনটিভির ‘রূপ মাধুরী’ অনুষ্ঠানের উপস্থাপনার কাজটি করে যাচ্ছেন। প্রথম আলো ডটকমকে নোভা বলেন, স্কয়ার হাসপাতালের চিকিত্সক খালেদা ইয়াসমিনের তত্ত্বাবধানে আমার চিকিত্সা চলছে। তাঁর পরামর্শে আমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে। ‘রূপ মাধুরী’ অনুষ্ঠানের কাজটা খুব পরিশ্রমের নয় বলেই কাজটা করে যাচ্ছি।নোভা আরও বলেন, আমার সব ভাবনা-চিন্তাই এখন অনাগত সন্তানকে ঘিরে। সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছি । প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমার কাছে একেবারে নতুন করে ধরা দিচ্ছে।’বর্তমানে ধানমন্ডিতে তাঁর বড় বোনের বাসায় আছেন নোভা। স্বামী নির্মাতা রায়হান খানও স্ত্রীর সঙ্গে সেখানেই থাকছেন। কথাপ্রসঙ্গে নোভা বলেন, ১১-১১-১১ তে নির্মাতা রায়হান খানকে পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন তিনি। কিন্তু নানা কারণে সে সময় বিয়ের খবরটি সবাইকে জানানো সম্ভব হয়নি।