জুলাইয়ে নয়, জানুয়ারিতে 'আন্ডার কনস্ট্রাকশন'
দেশের বাইরের উৎসবে প্রদর্শিত হয়েছে রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। কথা ছিল জুলাইয়ে ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে— ছবিটি দেখার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশের দর্শকদের। ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’। উৎসব শেষ হওয়ার পর ২২ জানুয়ারি ঢাকার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রুবাইয়াত।

জুলাই পেরিয়ে চলছে আগস্ট মাস। ছবি মুক্তির কোনো খবর নেই কেন জানতে চাইলে রুবাইয়াত বললেন, ‘আমার কিন্তু ঠিকই ইচ্ছে ছিল জুলাইয়ে ছবিটি মুক্তি দেওয়ার। প্রযোজক সমিতির কাছ থেকে ছবি মুক্তির তারিখও পেয়েছিলাম। কিন্তু ওই সময়ের মধ্যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটি ঠিক করা সম্ভব হয়নি। এর মধ্যে আবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে। উৎসবের উদ্বোধনী দিনে আমার ছবিটি প্রদর্শনের প্রস্তাব দেয়। এসব কারণে ছবি মুক্তির সময়টা পিছিয়ে দিতে হয়েছে।’
রুবাইয়াত এও বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে মনোনীত হওয়ায় ভাবলাম, আমার ছবি দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এবার নিজের দেশে বড় একটি উৎসবে দেখানো হবে। এ ছাড়া উদ্বোধনী ছবি হিসেবে মনোনীত হওয়াটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। এ ধরনের বড় একটা সুযোগ হারাতে চাইনি। আমাদের মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য উৎসবটি খুবই আনন্দের। উৎসবে দেশি-বিদেশি অনেক ছবি প্রদর্শিত হবে।’
এর আগে ‘মেহেরজান’ ছবি নির্মাণ করে আলোচনায় আসেন রুবাইয়াত হোসেন। ‘আন্ডার কনস্ট্রাকশন’ তাঁর পরিচালনার দ্বিতীয় ছবি। ছবিটির গল্প প্রসঙ্গে রুবাইয়াত বলেন, ‘এ দেশের নারীরা নিজেদের প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার ও নির্মাণ করছেন। মেয়েদের মধ্যে জীবনযাত্রাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা চলমান প্রক্রিয়া। মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ের নগরজীবনের চালচিত্র এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের একটা প্রতিচ্ছবি দেখবেন সবাই।’

রুবাইয়াত এও বলেন, ‘শুধু গল্প নয়, ছবিটির সাউন্ড ডিজাইনসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের দিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি। ছবিটি দেখার পরই তা সবাই বুঝতে পারবেন। তাই আমার অনুরোধ, সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।’
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তাঁরা। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে গান থাকছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।
গত বছরের আগস্টে ঢাকায় ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির শুটিং শুরু হয়েছিল।