জুলাইয়ে বাপ্পার ‘বেঁচে থাক সবুজ’
চার বছর পর আগামী জুলাইয়ে আসছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন একক অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’। পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। এটি তাঁর নবম একক অ্যালবাম। এতে একটি রবীন্দ্রসংগীতও রয়েছে।প্রথম আলো ডটকমকে অ্যালবামের নাম প্রসঙ্গে বাপ্পা বলেছেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বেঁচে থাক সবুজ রাখা হয়েছে নামটি। চারদিকে একটু তাকালে দেখতে পাবেন, সবুজ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। সবুজের মর্মার্থ আমরা বুঝতে পারছি না। সবুজের প্রয়োজনের ব্যাপারটিকে গুরুত্ব দিয়েই অ্যালবামের নাম দিয়েছি বেঁচে থাক সবুজ।’বাপ্পার নতুন এই অ্যালবামের জন্য গান লিখেছেন শংকর সাঁওজাল, জুলফিকার রাসেল, রাসেল ও’নীল, শাহান কবন্ধ, রানা, জয় শাহরিয়ার, মাস-মাসুম, স্বপ্নীল ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। অ্যালবামটি বাজারে আসবে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে।বাপ্পা বলেন, ‘আমি বরাবরই মেলোডি-নির্ভর গান করে থাকি। এবারও মেলোডিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। তবে এবার আমি প্রাচ্যের মেলোডিকেই গুরুত্ব দিয়েছি। রবীন্দ্রসংগীত আমার খুব পছন্দ। তাই তুমি রবে নীরবে গানটি করেছি। গানটি উত্সর্গ করেছি আমার মা প্রয়াত ইলা মজুমদারকে। আর মহীনের ঘোড়াগুলি থেকে নিয়েছি তোমার জন্য গানটি।’বাপ্পা মজুমদারের প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে তখন ‘ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮)।সম্প্রতি বাপ্পা মজুমদার গান করতে কানাডা সফরে গিয়েছিলেন। সেখানে শিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে প্রবাসী বাঙালিদের আয়োজিত তিনটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন।কানাডার অনুষ্ঠান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘খুব চমত্কার তিনটি অনুষ্ঠানে গান করেছি। কানাডার বাঙালিরা বেশ উপভোগ করেছেন অনুষ্ঠানগুলো। তা ছাড়া পুরো সফরে পার্থ দা (পার্থ বড়ুয়া) সঙ্গে থাকাতে অনেক মজা হয়েছে।’