‘আমার মনে হয় না আমার ছবি বানানোর মতো যোগ্যতা আছে। এ কাজটা আসলে আমার নয়।’ বলেই হাসলেন জুলিয়া রবার্টস। সেই হাসি, যে হাসির মোহে দুনিয়াজোড়া মানুষ তাঁর ভক্ত। যে হাসির কারণে তিনি ‘প্রিটি ওম্যান’। মাত্র হাত দুয়েক দূরে বসে আছেন এই হলিউড মহাতারকা। কথার শেষে তাকালেন পাশে বসা আরেক হলিউড নক্ষত্র জর্জ ক্লুনির দিকে। পাশাপাশি জুলিয়া রবার্টস-জর্জ ক্লুনি। আরেক দিকে জোডি ফস্টার! কাকে রেখে কাকে দেখি!

সেই যে উঠতি বয়সের ভালো লাগা জুলিয়া রবার্টস। প্রিটি ওম্যান দেখার পর তাঁর প্রেমে পড়েননি বাংলাদেশের কোন সিনেমাপ্রেমী? নটিং হিল দেখে হৃদয় আনচান করেনি কার? আর অস্কার এনে দেওয়া সেই এরিন ব্রোকোভিচ কি ভোলা যায়? সেই সব অসাধারণ ছবির প্রিয়মুখ জুলিয়া রবার্টস চোখের সামনে! ব্যাপারটা স্বপ্ন নয়, খুব স্বাভাবিক। কারণ, এটা কান চলচ্চিত্র উৎসব নামের বিশ্ব চলচ্চিত্রের মহা আসর। আর গতকাল বৃহস্পতিবার ছিল জোডি ফস্টার পরিচালিত তারকাবহুল মানি মনস্টার ছবির সংবাদ সম্মেলন।

অস্কার বিজয়ীদের মেলা: কেবল অস্কার বিজয়ী বলে নয়। জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি কিংবা জোডি ফস্টার দুনিয়ার কত বড় তারকা, সেটা বলে দেবে সংবাদ সম্মেলনে বিশ্বের বড়সড় সংবাদ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি। কান উৎসবে সাদা কার্ডধারী মানে ‘অতি সম্ভ্রান্ত’। গার্ডিয়ান, বিবিসি, সিএনএন কিংবা এএফপি—বিশ্বের খুব বড়সড় আর হাতে গোনা এমন কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আছেন এই অতি সম্ভ্রান্তদের তালিকায়। সাদা কার্ডধারীদের এই ব্যাপক উপস্থিতিতে যাঁরা পরের স্তরের, মানে গোলাপি কার্ডধারী, তাঁদের কল্কে পাওয়া বড় শক্ত। আর ভাগ্য সব সময় আপনার পক্ষে থাকবে এমন নয়। একটা ব্যাপার অবশ্য বুঝে গেছি, বড় সংবাদ প্রতিষ্ঠানের প্রতিনিধি মানেই সব সময় দুর্দান্ত প্রশ্ন নয়। জুলিয়া রবার্টস তাই সংবাদ সম্মেলনের মাঝের দিকে ‘তিনি নির্মাতা হতে চান কি না?’ সেই প্রশ্নটা হাসিমুখে নিলেন বটে, কিন্তু রসিকতার ছলে আর দেহভঙ্গিতে পরিষ্কার বুঝিয়ে দিলেন অস্কার বিজয়ী এই অভিনেত্রী, এই একই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত। তবে ব্যতিক্রমী প্রশ্নও করেছেন কেউ কেউ।
মানি মনস্টার ছবিতে দুজনের নাচের অভিজ্ঞতা কেমন ছিল? সেই প্রশ্নটা করা হয়েছিল জর্জ ক্লুনিকে। ‘আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আমি ভালো দিতে পারব’, এই বলে প্রশ্নটা লুফে নেন জুলিয়া রবার্টস। তারপর আবার দুই সহ-অভিনয়শিল্পীর অন্তরঙ্গ হাসি বিনিময়। ‘আমার মনে হয় কোরিওগ্রাফার খুব ভালো কাজ করেছেন। আমি শুধু বলেছি সম্পাদনার চালাকিটা যাতে বোঝা না যায়।’ এই বলে উত্তরটা শেষ করেছেন জর্জ ক্লুনি। সাদা চুল আর সাদা ফ্রেঞ্চকাট দাড়ির সঙ্গে মানানসই কালো কোট-শার্ট। ক্লুনিকে দেখাচ্ছিলও দারুণ সুদর্শন আর আত্মবিশ্বাসী।
শুধু অভিনয় নয়, দুবারের অস্কারজয়ী এই অভিনেতা শ্রদ্ধেয় তাঁর ব্যাপক দাতব্য কাজের জন্যও। কাল তাঁর আলাপে তাই উঠে এসেছে শরণার্থী সমস্যা, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গও।
‘মানি মনস্টার’ এবং আরও বিবিধ
দুবারের অস্কার বিজয়ী অভিনেত্রী জোডি ফস্টারের কথা তো বলার ফুরসতই হলো না। তবে এবার অভিনেত্রী নন, জোডি কানে হাজির নির্মাতা পরিচয়ে। তাঁর পরিচালিত থ্রিলার ছবি মানি মনস্টার-এর পয়লা প্রদর্শনী ছিল গতকাল কান চলচ্চিত্র উৎসবে। এই ছবিতে জুলিয়া রবার্টস অভিনয় করেছেন একজন টেলিভিশন প্রযোজকের ভূমিকায় আর ক্লুনি একজন টেলিভিশন উপস্থাপকের। উৎসবে এ ছাড়া কাল দেখানো হয়েছে রোমানিয়ার নির্মাতা ক্রিস্তি পুইউর ছবি সিয়েরা নেভাদা। ছিল মোহাম্মদ দিয়াবের ক্ল্যাশ এবং আলাঁ জিরদির ভারটিক্যাল ছবির প্রথম প্রদর্শনীও।