জুলিয়ানের কণ্ঠে রেগে ও বব
মঞ্চে আলো-আঁধারি, দর্শক উন্মুখ। কেমন কেমন করে যেন দর্শকের করতালিতে সৃষ্টি হলো বিশেষ এক ছন্দ। ছন্দময় সেই করতালি হঠাৎ থেমে গেল গিটারের তুমুল ঝংকারে।শুরু হলো গান, ‘সে ইয়ে, সে ইয়ো’! বব মার্লেপুত্র জুলিয়ান মার্লের ব্যান্ড আপরাইজিংয়ের গান। ছুটন্ত হরিণের মতো মঞ্চে উঠে এলেন জুলিয়ান। জটাধারী চুল নাচিয়ে গাইলেন গানের শেষটুকু। ‘জুলিয়ান মার্লে অ্যান্ড দ্য আপরাইজিং: সেলিব্রিটিং বব মার্লে, রেগে অ্যান্ড মোর’ কনসার্টের শুরুটা ছিল এমনই। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল কনসার্টটির আসর।আরও দুটি গান করে রেগে সংগীতভক্তদের পুরোপুরি নাচিয়ে ছাড়লেন ব্রিটিশ-জ্যামাইকান রেগে সংগীতশিল্পী জুলিয়ান। খানিক বিরতিতে জানিয়ে দিলেন বাংলাদেশে আসতে পেরে তাঁর ভালোলাগার কথা। বললেন, ‘রেগে সংগীত মানে কেবলই ভালোবাসা।’ বাবার পথেই হাঁটছেন জুলিয়ান। গাইছেন বাবার সুরেই। কনসার্টটি ছিল বব মার্লে স্মরণবিষয়ক। যথারীতি বাবার গানও গাইলেন ২০০৯ সালে গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী। গানের মাঝে মাঝে বলে গেলেন সবাইকে এক হওয়ার কথা। গানের সুরেও একই কথা, ‘ওয়ান লাভ’। আর ‘অন দ্য ফ্লোর’ গানটির মধ্য দিয়ে এই শিল্পী জানিয়ে দিলেন সংগীতই তাঁর প্রাণ। শুরুতে চমক হিসেবে মঞ্চে উঠেছিল বাংলাদেশের ব্যান্ড মাইলস। নিজেদের তিনটি গানের পাশাপাশি বব মার্লেকে শ্রদ্ধা জানিয়ে তাঁরা গেয়ে শোনান ‘আই ডোন্ট ওয়ানা ওয়েটিং’ গানটি। কনসার্টটির আয়োজক ছিল ক্রিয়েন্স। সহযোগী হিসেবে ছিল বিপিএলের দল দুরন্ত রাজশাহী, কেএফসি ও কোকাকোলা।