জুহির শঙ্কা জুহির সংশয়

‘গুলাব গ্যাং’ ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী জুহি চাওলা। সম্প্রতি জুহি জানিয়েছেন, তাঁকে এ ধরনের চরিত্রে দেখে দর্শক প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে রীতিমতো শঙ্কিত ছিলেন তিনি। এজন্য শুরুর দিকে ছবিটিতে অভিনয় করবেন কি না তা নিয়ে সংশয় ছিল তাঁর ভেতর।
এ প্রসঙ্গে জুহির ভাষ্য, ‘পরিচালক প্রথম যখন আমাকে ছবিটির চিত্রনাট্য পড়ে শোনালেন তখনই ভালো লেগে গিয়েছিল। কিন্তু কেন জানি মনে হচ্ছিল, তিনি কোনো ভুল করছেন না তো! অন্য কোনো অভিনেত্রীর পরিবর্তে ভুল করে তিনি আমাকে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন কী! চরিত্রটিতে আমি আদৌ অভিনয় করতে পারব কি না তা নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি ভয়ও কাজ করছিল। আর অভিনয় করলেও দর্শক আমাকে এ ধরনের চরিত্রে গ্রহণ করবেন কি না তা নিয়েও সংশয় ছিল আমার ভেতর।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
জুহি আরও বলেন, ‘এই ছবিটির আগে কখনোই নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাইনি আমি। এজন্য আমি ঠিক বুঝতে পারছিলাম না, পর্দায় খল চরিত্র ঠিকঠাকমতো ফুটিয়ে তুলতে পারব কি না। পরবর্তী সময়ে ছবির পুরো গল্প ও চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, আমি পারব। চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, দর্শকরা আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। ছবিটির মাধ্যমে এ ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ আসায় এবং শেষ পর্যন্ত তা করতে পারায় আমি অনেক খুশি।’
‘গুলাব গ্যাং’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুহির সমসাময়িক অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে এই দুই তারকাই পর্দা কাঁপিয়েছেন। সেসময় মাধুরীর সঙ্গে এক ছবিতে কাজের সুযোগ এলেও জুহি ইচ্ছে করেই রাজি হননি। এ প্রসঙ্গে জুহি জানিয়েছেন, ‘একটা সময়ে মাধুরীর সঙ্গে এক ছবিতে কাজের সুযোগ এসেছিল। কিন্তু তখন আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমার মনে হয়েছিল, এক ছবিতে কাজ করলে আমাদের দুজনের মধ্যে তুলনার বিষয়টি চলে আসবে। এজন্য ইচ্ছে করেই মাধুরীর সঙ্গে কাজ করিনি আমি।’
জুহি আরও জানিয়েছেন, ‘কিন্তু ‘‘গুলাব গ্যাং’’ ছবিটির প্রস্তাব পাওয়ার পর আমি না করতে পারিনি। মূলত দুটি কারণে এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি আমি। প্রথমত, ছবিটির চিত্রনাট্য অসাধারণ। দ্বিতীয়ত, ছবিটিতে মাধুরী দীক্ষিত রয়েছেন। তিনি অসম্ভব রূপবতী ও চমৎকার একজন অভিনেত্রী। আমার প্রত্যাশা, ভবিষ্যতে আবারও আমরা একসঙ্গে কাজের সুযোগ পাব।’
অনুভব সিনহার চিত্রনাট্য ও সৌমিক সেনের পরিচালনায় ‘গুলাব গ্যাং’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহি গিল, শিল্পা শুক্লা, তানিষ্ঠা চ্যাটার্জি, প্রিয়াঙ্কা বোস প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৭ মার্চ।