জুয়েল মোর্শেদের 'কী উপায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল মোর্শেদের ‘কী উপায়’ অ্যালবামের প্রচ্ছদ
জুয়েল মোর্শেদের ‘কী উপায়’ অ্যালবামের প্রচ্ছদ

সম্প্রতি প্রকাশিত হয়েছে গায়ক ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদের দ্বিতীয় একক অ্যালবাম ‘কী উপায়’। গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা সিটিতে আনুষ্ঠানিকভাবে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী, শারমিন শিলা, ইমরান, পড়শী, কনা, কর্নিয়া, সোয়েব, সিডি চয়েসের কর্ণধার শেখ সুমন এমদাদ প্রমুখ।

নয়টি গান দিয়ে নতুন এ অ্যালবামটি সাজিয়েছেন শিল্পী জুয়েল মোর্শেদ। এর মধ্যে রয়েছে মৌলিক আটটি গান। আর বাকি একটি গান লিখেছেন প্রয়াত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। গানটির শিরোনাম ‘ভালো আছি ভালো থেকো’। অ্যালবামের অন্য গানগুলোর কথা লিখেছেন জুয়েল মোর্শেদ, সুহূদ সুফিয়ান, মিলন বিশ্বাস ও আমিন।

পুরো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

নতুন একক নিয়ে জুয়েল বলেন, ‘এ বছরের শুরুর দিকে অ্যালবামটি বাজারে ছাড়ার কথা থাকলেও পরে তা আর হয়ে ওঠেনি। ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চেয়েছি বলেই অ্যালবামটি প্রকাশে একটু বিলম্ব হয়েছে। পুরো অ্যালবামটি করতে প্রায় চার বছর সময় নিয়েছি আমি। আশা করছি, শ্রোতারা ভালো কিছু গান পাবেন।’

অ্যালবামে জুয়েল মোর্শেদের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সোমলতা, সোমচন্দা এবং বাংলাদেশের কনা ও পড়শী।