জুয়েলের তত্ত্বাবধানে রক গানের দুটি সিডি
রক ভক্তদের জন্য প্রকাশিত হলো একই মোড়কে দুটি সিডি ‘রক সিক্স জিরো সিক্স’ এবং ‘সেভেন জিরো সেভেন’। অ্যালবাম দুটিতে গান করেছে ব্যান্ড দল ব্ল্যাক, পাওয়ার সার্জ, আর্বো ভাইরাস, এক্স ফ্যাক্টর, ক্রাল, ক্রেমাটিক এক্স, রক এন রেপ্লিকা, সাইন অব ক্রস, দ্য জয়েন্ট ফ্যামিলি, আরবান ফিকশন, বোহেমিয়ান, কার্নিভালসহ ৩১টি ব্যান্ড। অ্যালবাম দুটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইলসের ইকবাল আসিফ জুয়েল।জুয়েল বলেন, ‘২০০৮ সালের রোজার ঈদে প্রথম “রক ওয়ান জিরো ওয়ান” প্রকাশিত হয়। পরের বছর রোজার ঈদে এই সিরিজের অ্যালবাম হিসেবে প্রকাশ করা হয় দ্বৈত অ্যালবাম “রক টু জিরো টু” ও “থ্রি জিরো থ্রি”। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের রোজার ঈদে “রক ফোর জিরো ফোর” ও “রক ফাইভ জিরো ফাইভ” প্রকাশের পর এবার এ দুটি অ্যালবাম প্রকাশিত হলো। ৩২৬টি ব্যান্ডের মধ্যে থেকে বাছাই করে এই অ্যালবাম দুটি করা হয়েছে। আশা করি, রক ভক্তদের জন্য অ্যালবাম দুটি ঈদের বাড়তি আনন্দ বয়ে আনবে।’‘রক সিক্স জিরো সিক্স’ এবং ‘সেভেন জিরো সেভেন’ অ্যালবাম দুটি বাজারে এনেছে অগ্নিবীণা।