
টেলর সুইফটকে ছাড়া বাঁচার কোনো আশাই দেখছেন না জেইন মালিক! এমনকি রাতে ঘুমোতেও পারছেন না তিনি টেইলরের শোকে, বারবার অনুরোধ করছেন ফিরে আসার জন্য! না না, ঘাবড়ানোর কিছু নেই, বাস্তব নয়, এসব বলছি গানের লাইন থেকে। এই তো, কয়েক দিন আগেই রিলিজ হয়েছে ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য জেইন মালিক এবং জনপ্রিয় মার্কিন পপতারকা টেলর সুইফটের নতুন গান ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’-এর মিউজিক ভিডিও। মুক্তির অপেক্ষায় থাকা ফিফটি শেডস ডার্কার চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য গাওয়া হয়েছে গানটি। মুক্তি পেয়েছিল বেশ আগেই, সম্প্রতি মিউজিক ভিডিও রিলিজের পর আলোচনার কেন্দ্রে আছে এই গান।
মিউজিক ভিডিওতে দেখা যায়, এক জোড়া প্রেমিক জুটির সম্পর্ক ভাঙা-গড়ার গল্প। রাগ, অভিমান, ক্ষোভ থেকে যেভাবে সম্পর্কের ইতি ঘটে এক জুটির, চার মিনিট সতেরো সেকেন্ডে তাই দেখিয়েছেন দুজন। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে লন্ডনের সেন্ট প্যানক্রাস রেনেসাঁস হোটেলে। আগে থেকেই ভালো বন্ধু টেলর আর জেইন, তাই শুটিংয়ের সময় মজাও তাঁরা কম করেননি একদম! বরং ষোলো আনা আনন্দই উপভোগ করেছেন এই দুই বন্ধু। শুটিং করতে গিয়ে হোটেলের স্নানঘরের আয়না ভেঙে ফেলেছিলেন টেলর সুইফট। আর এর বাইরেও মিউজিক ভিডিওতে হোটেল রুমটি একেবারে তছনছ করেছেন জেইন মালিক ও টেলর সুইফট!
ওপরেই বলেছি গানটির অডিও রিলিজ হয়েছিল আগেই, ২০১৬ সালের ডিসেম্বরে। গত বছরে এটিই টেলর সুইফটের একমাত্র গান। ২০১৪ সালের অক্টোবরে বের হয়েছিল তাঁর পঞ্চম অ্যালবাম ১৯৮৯। গুজব শোনা যাচ্ছে চলতি বছরেই ষষ্ঠ স্টুডিও অ্যালবাম বের হতে পারে এই নামী পপ গায়িকার।
২০১৫ সালে ভক্তদের অবাক করে ওয়ান ডিরেকশন ছেড়ে বের হয়ে গিয়েছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য জেইন মালিক। কারণ ছিল জনপ্রিয়তা থেকে একটু দূরে সরে একান্তে কিছু সময় কাটানো এবং নিজের একক ক্যারিয়ারে মনোনিবেশ করা। প্রথমটা না পারলেও শেষটা ভালোমতোই করতে পারছেন জেইন। গেল বছরের মার্চে বের হয়েছে তাঁর প্রথম একক অ্যালবাম মাইন্ড অব মাইন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেনসহ আরও বেশ কয়েকটি দেশে শীর্ষস্থানে ছিল অ্যালবামটি।
চাইলে ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’ গানটি দেখে নিতে পারেন জেইন মালিক অথবা টেলর সুইফট—এই দুজনের ইউটিউব চ্যানেলে। ফিফটি শেডস ডার্কার চলচ্চিত্রটির জন্য এ দুজন ছাড়া আরও গান গেয়েছেন নিকি মিনাজ, নিক জোনাস, টভ লো, হ্যালসি, জন লিজেন্ড। পুরো সাউন্ডট্র্যাকটি শোনার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত। আর চলচ্চিত্রটি মুক্তি পাবে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে।
নাজিয়া শারমিন
রোলিং স্টোন, ইউএসএ টুডে অবলম্বনে