
২০১৫ সালটা জেইন মালিকের জন্য নিঃসন্দেহে একটা ‘টার্নিং পয়েন্ট’। কিন্তু কেন? শেষ, নাকি নতুন শুরুর জন্য? প্রায় চার বছর ওয়ান ডিরেকশনের সঙ্গে ছিলেন। ব্যান্ড ছেড়ে ‘একলা চলো রে’ নীতিতে নিজের গানের ক্যারিয়ার গড়তে শুরু করেছেন এ বছর। ভক্তরা চমকে গেছেন। কিছুতেই মানতে পারছিলেন না প্রিয় ব্যান্ডে প্রিয় তারকার না থাকাটা। অথচ সে সময় তাঁর বাগদত্তা পেরি এডওয়ার্ডস বলেছিলেন, ওয়ান ডিরেকশন ছাড়াটাই জেইনের জীবনের সেরা সিদ্ধান্ত। দুঃখের বিষয়, ব্যান্ড ছাড়ার চার মাসের মাথায় বাগদত্তার সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেল সাবেক ওয়ান ডিরেকশন তারকার। এরই মধ্যে পেরি এডওয়ার্ডসকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকেও ‘সেরা’ বলার মতো নতুন কাউকে পেয়ে গেছেন কি না, কে জানে!

গুজব তা-ই বলছে। গানের বেলায় ‘একলা চলো রে’ নীতি খাটলেও, জীবনের পথে একলা চলা যুক্তরাজ্যের এই গায়কের ধাতে নেই। পেরি থাকাকালীন সময়েও তাঁর সঙ্গে নানাজনকে ঘিরে গুজব রটেছে। খুব বেশি দিন হয়নি। গত ২০ জুলাই দুজনের সম্পর্ক চুকেবুকে গেছে। চার বছরের সম্পর্ক শেষ হয়েছে স্রেফ একটা খুদে বার্তায়। তবে জেইন মালিকের সময় জ্ঞানের নিন্দাই করতে হচ্ছে। খুদে বার্তাটা তিনি যখন পাঠিয়েছেন, পেরি তখন নিজের ব্যান্ড লিটল মিক্স–এর সদস্য আর বন্ধুদের সঙ্গে তাঁদের ‘ব্ল্যাক ম্যাজিক’ গানের সাফল্য উদ্যাপন করছিলেন। সময়টা উৎসবমুখর হওয়ার কথা, অথচ জেইনের একটা খুদে বার্তাই বদলে দিয়েছিল পেরির সেই রাত। তাই বলে পেরি এডওয়ার্ডস খুব ভেঙে পড়েছেন, তা নয়। সংবাদমাধ্যমের সামনে মলিন হেসে তিনি বলেছেন, ‘আমি ঠিক আছি।’ ওদিকে ঠিক আছেন জেইনও। ২০১৬ সালে বেরোনোর কথা তাঁর প্রথম একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামের একটি গান ‘আই ওন্ট মাইন্ড’-এর ডেমো সাউন্ডক্লাউডে মুক্তি পেয়েছে।
সম্প্রতি রটেছে, জেইন মালিকের নতুন আগ্রহের নাম জেনডায়া কোলম্যান। যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রীর সঙ্গে সাবেক ওয়ান ডিরেকশন তারকার প্রেমের পাকা খবর পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, পেরির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে জেনডায়ার কারণেই। কেন তিনি ব্যান্ড ছাড়লেন? কেন ছাড়লেন পেরি এডওয়ার্ডসকে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার ব্যবহার করতে হচ্ছে ‘হয়তো’, ‘সম্ভবত’, ‘ধারণা’ শব্দগুলো। ভক্তরা আর সংবাদমাধ্যমগুলো যতই কল্পনার ডালপালা ছড়াক, সত্যটা কেবল জেইনই জানেন।
ডেইলি মেইল অবলম্বনে