
এলেন, দেখলেন, জয় করলেন—এ কথাটা সবচেয়ে বেশি সত্যি সম্ভবত জেইনের জন্য! ফ্রান্সের মেয়ে জেইন ইতিমধ্যে ঝলক দেখিয়েছেন নতুন গান ‘মাকেবা’ দিয়ে। এই মাসের শুরুর দিকে বের হওয়া গানটি এর মাঝেই ইউটিউবে দেখা হয়েছে ১০ লাখের বেশি বার।
ফ্রান্সেই জন্ম। কিন্তু ছোটবেলায় বাবা আর মায়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। কঙ্গো থেকে দুবাই, দক্ষিণ আফ্রিকা থেকে আবুধাবি। শেষে এসে থিতু হয়েছেন প্যারিসে। পড়াশোনাও সেখানে। ছেলেবেলায় দক্ষিণ আফ্রিকায় থাকার কারণেই হয়তো সেখানকার গান, সংস্কৃতি আর সুরের টান মুগ্ধ করেছে তাঁকে। সেই মোহেই লিখেছেন আর গেয়েছেন মাকেবা। গানটি দক্ষিণ আফ্রিকার পঞ্চাশের দশকের বিখ্যাত সংগীতশিল্পী মিরিয়াম মাকেবার থেকে অনুপ্রাণিত হয়ে গাওয়া। ছোটবেলায় যখন দক্ষিণ আফ্রিকায় থাকতেন সে সময় জেইনের মা প্রায়ই মিরিয়ামের গান শুনতেন। তখনই আফ্রিকার বিট আর সুরের প্রেমে পড়েন জেইন। সেই প্রেমকেই ফ্রেমে বেঁধেছেন মাকেবা গান আর গানের ভিডিও দিয়ে। ভিডিওটিতে ক্যামেরার কারুকাজ আর সৃজনশীলতা দিয়ে তিনি তুলে এনেছেন অন্য এক আফ্রিকার গল্প, যেই আফ্রিকায় পথেঘাটে ছড়ানো শুধু ছন্দ আর সুর! জেইনের আরেকটি বিশেষত্ব, তাঁর নিজের গান শুধু লেখা বা গাওয়াই নয়, মিউজিক ভিডিওর গল্প ভাবা থেকে শুরু করে পরিচালনা করা—সবই তিনি একাই করেন।
জেইনের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘জানাকা’ বের হয়েছিল গত বছরের শেষের দিকে। বের হওয়ার পরপরই ফ্রান্সে অ্যালবামটি বিক্রি হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি কপি। ফ্রান্সের সম্মানসূচক প্লাটিনাম রেকর্ডের সম্মানও পেয়েছে জানাকা। শুধু ফ্রান্স না, অ্যালবামটি জয় করেছে রাশিয়া আর পোল্যান্ডও।
আবার ফিরি মাকেবার কথায়! মাকেবা ইউটিউবে বের হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিনেতা উইল স্মিথের ছেলে জাডেন স্মিথের নজর কাড়ে গানটি। তিনিই বিশ্বের ১০০টি দেশে ইন্টারনেট রেডিওর মাধ্যমে গানটি মানুষের কাছে আরও পৌঁছে দেন। তবে শুধু মাকেবা দিয়েই নয়, জেইন তাঁর আলো ছড়িয়েছেন আসলে আরও আগে। জেইনের আরও একটি বিখ্যাত গান হচ্ছে ‘কাম’। ২৪ বছর বয়সী জেইনের এই গানটি ইউটিউবে দেখা হয়েছে ২০ লাখের বেশিবার। জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড, ইতালির টপ চার্টেও ছিল গানটি।
তাই বলাই যায়, সময়টা এখন জেইনেরই!
নাজিয়া শারমিন
দ্য ইনডিপেনডেন্ট, উইকিপিডিয়া ও দ্য ফ্যাডার অবলম্বনে