জেগে উঠেছে যাত্রাশিল্প
বছরের শুরুতেই নতুন প্রাণের উচ্ছ্বাসে সরব হয়ে উঠেছে যাত্রাঙ্গন। যাত্রাশিল্পের সব সংগঠনের একের পর এক উদ্যোগ-আয়োজন, সরকারি ক্ষেত্রে নতুন আশাবাদ, বছরব্যাপী মুক্তিযুদ্ধ আর রবীন্দ্রনাথকে নিয়ে পথচলা—এসব কার্যক্রমের মধ্যে শুরু হচ্ছে নতুন বছরের নতুন যাত্রা। ঐতিহ্যবাহী যাত্রাশিল্পে যুগোপযোগী ও জীবনঘনিষ্ঠ চিন্তাচেতনায় নবতর উত্তরণ ঘটবে এবার—এমন আশাবাদ যাত্রাসংশ্লিষ্ট লোকদের। ইতিমধ্যে যাত্রা প্রযোজনায় আমূল পরিবর্তন এসেছে। নেত্রকোনা সদরে আনন্দ অপেরার শৈল্পিক ও দৃষ্টিনন্দন পালা মঞ্চায়ন দর্শক উপভোগ করছে। এ দলে প্রতিটি পালায় নতুন নতুন সুর সংযোজন করা হয়েছে। নেত্রকোনার মদন থানায় নিউ ভোলানাথ অপেরার পরিবেশনায় ফুটে উঠেছে যাত্রার আদিচিত্র। কুশীলবেরা দরাজ কণ্ঠে, নৃত্যগীতের শিল্পীরা রাগ-রাগিণী সহযোগে মঞ্চে পরিবেশন করছেন তাঁদের লোকজ শিল্পপ্রতিভা। যন্ত্রসংগীতের বিভিন্ন তাল আর সুরের খেলায় দর্শক মুগ্ধ হয়ে যাত্রা দেখছেন। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। নীলফামারীতে চৈতালী অপেরার জয়জয়কার অবস্থা। পালানির্দেশক কবির খান, প্রধান অভিনেত্রী মুক্তি চক্রবর্তী আসরে নামলেই দর্শকেরা ভালো কিছু দেখার জন্য নড়েচড়ে বসেন। লোকজ আঙ্গিকে পালায় আধুনিক ভাবধারার সমন্বয় ঘটিয়ে নতুন এক ধ্রুপদ আঙ্গিক তৈরি করে দর্শককে চমক দিচ্ছে চৈতালী। আদি বঙ্গশ্রী অপেরায় আধুনিক সব বাদ্যযন্ত্র ব্যবহূত হচ্ছে। তবে অভিনয়ে রয়েছে প্রাচীনত্ব। অশোক ঘোষ পালানির্দেশক। তিনি যাত্রা জাগরণে নয়া উদ্যোগ নিয়ে এগোচ্ছেন। তাতে সফলতাও এসেছে। দিনাজপুরের বীরগঞ্জে আদি বঙ্গশ্রীর পালা দেখতে স্বতঃস্ফূর্ত দর্শক আসছেন। প্রতি রাতে প্যান্ডেল হাউসফুল যাচ্ছে। এখানকার দর্শকের সঙ্গে আলাপকালে তাঁরা মন্তব্য করেছেন, ‘অভিনয়নৈপুণ্যে ও নান্দনিকতায় গৌরবান্বিত হচ্ছে যাত্রাশিল্প। এ অঞ্চলের যাত্রাগানের ইতিহাসে এ বছরই দলের মালিকেরা একটা নজির স্থাপন করতে পেরেছেন। তাতে দর্শকের মধ্যে একধরনের ভাবান্দোলনের সৃষ্টি হয়েছে।’ গোটা উত্তরবঙ্গসহ সারা দেশে জেগে উঠেছে যাত্রাশিল্প।