জেনেলিয়ার ফিটনেস-রহস্য
অনেকে হয়তো জানেন না বলিউডের অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা স্কুল-কলেজে থাকা অবস্থায় খুব ভালো মানের একজন অ্যাথলেট ছিলেন। একই সময়ে খেলেছেন ফুটবলও। এমনকি সাধারণ মানের ফুটবল খেলোয়াড় নন তিনি। জেনেলিয়া ছিলেন জাতীয় পর্যায়ের একজন নামকরা ফুটবলার। হঠাৎ করেই মিডিয়ার প্রেমে পড়েন তিনি। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণেই একসময় ফুটবলকে গুডবাই জানিয়ে দেন। তবে এটাও ঠিক যে স্কুল-কলেজ পর্যায়ে ফুটবল নিয়মিত খেললেও কখনো এটাকে পেশা হিসেবে নেওয়ার চিন্তা-ভাবনা ছিল না তাঁর।জেনেলিয়ার এ ধরনের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। জেনেলিয়া বলেন, ‘যাঁরা মনে করেন, আমি খেলাধুলার মতো পরিশ্রমের কাজ ফেলে এসব এ কাজ কীভাবে করছি, তাঁদের উদ্দেশে আমি বলব, ফুটবল খেলতে যে পরিমাণ পরিশ্রমের দরকার, অভিনয়ের জন্য বরঞ্চ তার চেয়ে কম পরিশ্রম লাগে। তবে এটা ঠিক যে ফুটবল খেলার কারণে আমি মানসিকভাবে নিজেকে পরিশ্রমী করে তুলতে পেরেছি। এমনকি নিজের শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য খেলাধুলা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমি এখনো মনে করি, খেলাধুলার সঙ্গে নিজেকে যুক্ত রাখার কারণে আমি এখনো নিজেকে ফিট মনে করছি।’জেনেলিয়া আরও বলেন, ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত এবং সময়মতো সুষম খাবার খেতে হয়। এ ক্ষেত্রে ঘরে তৈরি খাবার যতটা খাওয়া, ততই ভালো।উল্লেখ্য, জেনেলিয়া ডি সুজা ২০০২ সালে ‘তুঝে মেরি কসম’ নামের ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমার খাতায় নাম লেখান। ছবিটিতে জেনেলিয়ার বিপরীতে ছিলেন রিতেশ দেশমুখ।