জেমস আবার বলিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর আবারও বলিউডের ছবিতে প্লেব্যাক করলেন বাংলাদেশের শিল্পী জেমস। ছবির নাম ওয়ার্নিং। তৈরি করছেন রা.ওয়ান ছবির পরিচালক অনুভব সিনহা। গানের শিরোনাম ‘বেবাসী’। জেমস জানালেন, এটি ছবির শিরোনাম গান। গানটির সুর ও সংগীত পরিচালনা করছেন মিট-ব্রস-অঞ্জন জুটি। ৩ জুন সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে মিট-ব্রস-অঞ্জন জুটির নিজস্ব স্টুডিওতে এ গানে কণ্ঠ দিয়েছেন জেমস। জানা গেছে, মেলো রক ধাঁচের এই গান জেমস গেয়েছেন একেবারে নিজস্ব স্টাইলে। রা.ওয়ান ছবির চেয়েও ব্যয়বহুল এ ছবিতে ব্যবহার করা হবে ত্রিমাত্রিক প্রযুক্তি। ছবির বেশির ভাগ শুটিং হবে নিউজিল্যান্ডের পাশে দ্বীপাঞ্চল ফিজিতে। থাকছেন তিন জোড়া নায়ক-নায়িকা। জেমস বললেন, ‘বলিউডের ছবিতে প্লেব্যাক আমার সংগীতজীবনের উল্লেখযোগ্য অভিজ্ঞতা। গ্যাংস্টার ছবিতে আমার গাওয়া ভিগি ভিগি গানটি উপমহাদেশের শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। এরপর আরও কয়েকটি হিন্দি ছবিতে গান করার প্রস্তাব পেয়েছি। নানা কারণে করা হয়নি। এবার অনুভব সিনহা তাঁর ছবির শিরোনাম গান করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। কাজটা করে ভালো লাগছে।’বলিউডে জেমস প্রথম গান করেন ২০০৬ সালে, মহেশ ভাটের গ্যাংস্টার ছবিতে। এরপর গান করেছেন ও লামহে (২০০৬) এবং সর্বশেষ লাইফ ইন আ মেট্রো (২০০৮) ছবিতে।