জেমস বন্ডের সঙ্গে সাদৃশ্য নেই ক্রেইগের
পরপর তিনটি বন্ড সিরিজের ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। তবে তুমুল জনপ্রিয় চরিত্রটির সঙ্গে নিজের কোনো রকম মিল খুঁজে পান না বলেই জানিয়েছেন এ ব্রিটিশ অভিনেতা। জেমস বন্ড চরিত্রে অভিনয় থেকে অবসরের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ৪৪ বছর বয়সী এ তারকা অভিনেতা। ‘ক্যাসিনো রয়্যাল’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’ ছবিতে বন্ড চরিত্রে ক্রেইগের সুনিপুণ অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। পর্দায় বাস্তবসম্মতভাবে চরিত্রটি ফুটিয়ে তুললেও, সবদিক বিবেচনা করে বন্ড চরিত্রের সঙ্গে নিজের কোনো রকম সাদৃশ্য নেই বলে দাবি করেছেন ক্রেইগ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। জেমস বন্ড চরিত্রের কোন কোন দিকের সঙ্গে নিজের চরিত্রের মিল খুঁজে পান না—এমন প্রশ্নের জবাবে ক্রেইগ বলেন, ‘সবদিক থেকেই। জেমস বন্ড চরিত্রটির সঙ্গে আদৌ কোনো রকম মিল আমার নেই। বিন্দুমাত্র সাদৃশ্যও খুঁজে পাই না আমি।’ জেমস বন্ড চরিত্রে অভিনয় থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ক্রেইগ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জেমস বন্ড ছাড়া অন্য কোনো চরিত্রে এখন আর আমাকে দেখতে চান না দর্শকরা। এই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত যখন নিয়েছিলাম, তখনই বুঝেছিলাম এমনটা ঘটবে আমার ক্ষেত্রে। কাজেই চরিত্রটিতে অভিনয় চালিয়ে যেতে চাই এবং নিজেকে সেরা বন্ড তারকা প্রমাণ করতে চাই। এ জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব আমি।’