জেমস যেমন

কাঠফাটা রোদ পেরিয়ে বারিধারা। জেমসের বাড়ি ঢুকতে যাচ্ছি। জেমসের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানালেন, ‘জেমস কিন্তু সচরাচর বাড়িতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন না। আপনারা খুব ভালো একটা সুযোগ পেয়ে গেলেন।’ ইঙ্গিত পাওয়া গেল, আড্ডা তাহলে জমতে যাচ্ছে।
পয়লা বৈশাখে ঢাকার চারটি কনসার্টে গেয়েছেন জেমস। প্রতিটি কনসার্টেই ভক্তদের উল্লাস ছিল অপ্রতিরোধ্য। এখনো জেমসে মোহমুগ্ধ শ্রোতারা, কেমন করে পারেন এসব? এত বড় প্রশ্নের ছোট উত্তর দিলেন জেমস, ‘তা তো জানা নেই!’
জেমসের এই এক বিশেষ গুণ—প্রশ্ন যত কঠিন কিংবা লম্বাই হোক না কেন, উত্তরগুলো হয় খুব ছোট ছোট আর সহজ। তাই প্রশ্ন-উত্তর ছোড়াছুড়িতে না গিয়ে সরাসরি আড্ডাতেই যোগ দেওয়া। প্রথমেই জেমসের গানের জীবনের শুরুর দিকে ঢুঁ মারা। নগরবাউলের জেমস জানালেন, গানে স্থায়ী হওয়ার আগে সবচেয়ে বড় বাধাটা এসেছিল পরিবার থেকে। আশির দশকের কথা। বাবা ড. মোজাম্মেল হক চাইতেন না তাঁর সন্তানেরা গান গেয়ে প্রতিষ্ঠিত হোক। কিন্তু জেমস থেমে যাননি। পুরোনো কথা মনে করে জেমস বলেন, ‘গানের জন্য আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল।’ তাহলে পরিবার থেকে কিছুটা বাধা পেয়েছিলেন, তাই তো? মাথা নেড়ে জেমস বলেন, ‘কিছুটা না, বড় বাধা ছিল এটা।’ তবে একটা সময় জেমসের জনপ্রিয়তায় সেই ‘বড়’ বাধা অনেক ছোট হয়ে যায়। এখন বাবা-মা বেঁচে নেই। তাঁরা থাকলে এখন জেমসকে নিয়ে গর্ব করতে পারতেন।
এবার এ সময়ে ফিরে আসা। জনপ্রিয় পুরোনো গানের ভিড়ে নতুনের সাড়া-শব্দ তো মিলছে না। জেমসের কণ্ঠে তৃপ্তির আভাস, ‘যা গাওয়ার ছিল, গেয়ে ফেলেছি। অনেক তো হলো। আর কত? এখন শুধু সেই গানগুলোই গেয়ে যাচ্ছি, যা সবাই শুনতে চায় বারবার। তাই আর নতুন কিছু করার তাগিদ নেই। আবার যখন তাগিদ আসবে গাইব।’ তাহলে কি তাগিদ আসার আগে আর শোনা যাবে না নতুন গান? ‘অবশ্যই শোনা যাবে।’ কথার মোড় পুরোপুরি ঘুরিয়ে বললেন, ‘মাঝে মাঝে মনে হয় মাত্র তো শুরু করলাম। এখনই শেষ কিসের? গানকে আরও নতুন নতুন দিক থেকে আবিষ্কার করার আছে। নতুন গান আপাতত নেই। তবে নতুনভাবে গানকে আবিষ্কার করার অনেক ভাবনা আছে।’ তাহলে বলা যায়, জেমসের ভাবনাজুড়ে শুধুই গান। ফাঁকে ফাঁকে ফটোগ্রাফির শখ।
পাকা আলোকচিত্রী জেমস। তাঁর বৈঠকখানায় পা রেখেই তা বোঝা গেছে। ঘরটা সফটবক্স, লাইট আর ফটোগ্রাফি প্রপসে ভরা। দেখে মনে হবে এ কোনো গানের শিল্পীর ঘর নয়, ছবিওয়ালার আড্ডাখানা। জেমসের কাছ থেকেই জেনে নিই তাঁর ছবি তোলার গল্পগুলো। এখন ছবি তোলার প্রবল ঝোঁক তাঁর। কোথাও শো করতে গেলেই গানের খাতা আর গিটারের সঙ্গে তাঁর দুটো ক্যামেরাও যায়—ক্যানন ওয়ান ডিএক্স ও পেনটাক্স ৬৪৫ জেড। বাইরে গেলে প্রকৃতির ছবি তাঁকে খুব বেশি টানে। আর অন্য সময় ল্যান্ডস্কেপ কিংবা ফ্যাশন/মডেল ফটোগ্রাফি। ফেসবুক ঘেঁটে ঘেঁটে দেখালেন, ফুকেটের সমুদ্রসৈকতে ঢেউয়ের আছড়ে পড়া, নিউইয়র্ক শহরের সূর্য ডোবার দৃশ্য, ভ্যানকুভারের পাহাড়-ফুলের ছবি, বরফঘেরা পোখারার এক পর্বতের ছবিসহ আরও অনেক স্থিরচিত্র। এ ছবিগুলোর জন্যই জেমস তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট সবার জন্য প্রায় উন্মুক্ত করে রেখেছেন। চাইলেই ফেসবুকে তাঁর তোলা ছবি দেখে নিতে পারে যে কেউ। আর স্থিরচিত্রপ্রেমীদের পছন্দের সাইট ইনস্টাগ্রামেও James_nagarbaul নামে খুঁজলেই তাঁকে পাওয়া যাবে।
পরিবার? দুই মেয়ে জেমসের—জান্নাত ও জাহান। জান্নাত ক্লাস সিক্সে। জাহানও স্কুলে ভর্তি হয়েছে, সে আছে মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডালাসে। সময়-সুযোগ পেলেই তাই জেমস ছুট দেন সেখানে। বাবা জেমস বলেন, ‘মেয়েদের কাছে আমি খুব সাধারণ একজন মানুষ। গান নিয়ে ওদের সঙ্গে কথা হয় না। ওদের সঙ্গে সময় কাটানোই আমার জন্য অনেক বড় বিষয়।’
বিদায়বেলায় জেমস জানালেন, কনসার্টেই আপাতত মশগুল থাকতে চাইছেন তিনি। চলচ্চিত্রের গান তাঁর ঘরানার সঙ্গে মিললেই করবেন, হোক তা ঢালিউড কিংবা বলিউড। আর নতুন গান? ওই যে আগে তাগিদটা আসুক এরপর।