জেমসের কণ্ঠে নাটকের গান
‘তোমার আমার মতো সেও তো মানুষ/ হাত পা কান মাথা আছে, আছে তার হুঁশ/সেও হাসতে জানে, ভালোবাসতে জানে/দুঃখ-কষ্টে তারও চোখে আসে জল/চৈতা পাগল’—চৈতা পাগল ধারাবাহিক নাটকের শিরোনাম গান এটি। আর এতে কণ্ঠ দেবেন জেমস। এবারই প্রথম কোনো নাটকের শিরোনাম গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। জেমস জানান, এরই মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে। গানের মিউজিক ট্র্যাকও পেয়েছেন। শিগগিরই গানটিতে কণ্ঠ দেবেন তিনি।নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে তিনি বললেন, ‘মাহফুজ অনেক দিন থেকেই গানটি গাওয়ার জন্য অনুরোধ করছেন। গানটা আমার ভালোও লেগেছে, তাই করছি।’নাটকটির পরিচালক ও অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ জানান, চৈতা পাগল তাঁর নতুন ধারাবাহিক। গতকাল বৃহস্পতিবার পদ্মার পাড়ে মাওয়া ঘাটের কাছে হলুদিয়া বাজারে নাটকটির শুটিং শুরু হয়েছে।এদিন শুটিংয়ে অংশ নেন মাহফুজ, বাঁধন ও রওনক হাসান। এ টি এম শামসুজ্জামানের গল্প থেকে নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। জেমসকে দিয়ে গান গাওয়ানোর ব্যাপারে মাহফুজ বললেন, ‘নাটকের প্রধান যে চরিত্রটি, তাঁকে সবাই পাগল ভাবে। তার দুঃখ-বেদনা-হাহাকার আছে। এই পুরো ব্যাপারটি একমাত্র জেমসের কণ্ঠেই ভালো মানাবে। তাই জেমসের জন্য অনেক দিন অপেক্ষা করেছি।’