জেমিমাকে অনেক ভালোবাসি: রাসেল ব্র্যান্ড

অনেক দিন থেকেই পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ লেখিকা জেমিমা খানের সঙ্গে রাসেল ব্র্যান্ডের প্রেম নিয়ে কানাঘুষা চলছিল। সম্প্রতি জেমিমার সঙ্গে প্রেমের কথা জনসমক্ষে স্বীকার করে খবরের শিরোনাম হলেন ৩৮ বছর বয়সী ব্রিটিশ এ কৌতুকশিল্পী, অভিনেতা ও লেখক। সম্প্রতি ব্রিটিশ চ্যাট শো ‘দ্য জোনাথন রস শো’-এ হাজির হয়েছিলেন রাসেল। সঙ্গে এনেছিলেন জেমিমার পোষা সাদা রংয়ের বিশাল অ্যালসেশিয়ান কুকুর ব্রায়ানকে। সেখানেই বয়সে এক বছরের বড় জেমিমার সঙ্গে প্রেমসহ আরও নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন রাসেল। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই জেমিমাকে অনেক ভালোবাসি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
অনুষ্ঠানের সঞ্চালক রাসেলেরই কাছের বন্ধু জোনাথন। রাসেল-জেমিমার হাঁড়ির খবর বের করার জন্য তিনি রাসেলকে জিজ্ঞেস করেন, জেমিমার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেলে কুকুরটির কী হবে! জবাবে কান্নার সুর নকল করে রাসেল বলেন, ‘বন্ধু, এমনটা বোলো না। তাহলে আমার ছোট্ট হূদয় ভেঙে চুরমার হয়ে যাবে। আমি সত্যিই জেমিমাকে অনেক ভালোবাসি। এবারের প্রেম নিয়ে আমি খুবই সিরিয়াস। যেকোনো উপায়ে প্রেমটাকে টিকিয়ে রাখব আমি।’

রাসেল আরও বলেন, ‘জেমিমা অসাধারণ রূপবতী একজন নারী। তাঁকে আমার জীবনে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। ভালোবাসার এমন তীব্র অনুভূতি আগে কখনো অনুভব করিনি। আমার উপলব্ধি, আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে বন্ধুত্ব আর ভালোবাসার ওপর ভিত্তি করে। সব মিলিয়ে চমত্কার ও সম্পূর্ণ ভিন্ন রকম এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি আমি।’
জীবনে নতুন করে সুখ খুঁজে পাওয়ার রহস্য সম্পর্কেও মুখ খুলেছেন রাসেল। আত্মিক সুখের সন্ধানে তিনি নিয়মিত ধ্যান করেন বলেই জানিয়েছেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আত্মিক সুখ খুঁজে পেতে আমি নিয়মিত ধ্যান করি। এই চর্চাটা শুরু করার পর থেকে আমার ভেতর সুখের অনুভূতি বেড়ে গেছে। ধ্যান আমার শরীর ও মনকে শিথিল রাখে। আমার ধারণা, এই চর্চাটার কারণেই আমার জীবনে ইতিবাচক নানা কিছু প্রবেশ করতে শুরু করেছে।’
এর আগে মার্কিন পপ গায়িকা কেটি পেরিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাসেল। হিন্দু রীতি অনুযায়ী ২০১০ সালের অক্টোবরে ভারতের রাজস্থানে কেটি পেরির গলায় মালা পরিয়েছিলেন রাসেল। কিন্তু মাত্র ১৪ মাস সংসার করার পর ২০১১ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। গত বছরের শেষের দিকে জেমিমার প্রেমে পড়েন রাসেল। হাত ধরাধরি করে ঘুরে-বেড়ানোর সময় ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের প্রেমের খবর চাউর হয়।
অন্যদিকে, ১৯৯৫ সালে ইসলামি রীতিতে ইমরান খান ও জেমিমার বিয়ে সম্পন্ন হয়েছিল প্যারিসে। বিয়ের কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জেমিমা। বিয়ের পর তাঁদের ঘরে আসে দুই সন্তান। ২০০৪ সালে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ইমরান-জেমিমা। একই বছর দুই ছেলেকে সঙ্গে নিয়ে পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে যান জেমিমা। পরবর্তী সময়ে ‘নটিং হিল’খ্যাত ব্রিটিশ অভিনেতা ও প্রযোজক হিউ গ্র্যান্টের সঙ্গে জেমিমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সেই প্রেম। ২০০৭ সালে হিউ গ্র্যান্ট জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রেমের ইতি টেনেছেন তিনি ও জেমিমা।
যুক্তরাজ্যের রাজনীতি ও সংস্কৃতিবিষয়ক সাপ্তাহিক পত্রিকা নিউ স্টেটম্যানের সহযোগী সম্পাদক জেমিমা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে প্রদায়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। কয়েক বছর আগে জেমিমার ম্যাগাজিনে একটি আর্টিকেল লিখেছিলেন রাসেল। এভাবেই একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন তাঁরা।