জেমিমাতে মজেছেন রাসেল ব্র্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল ব্র্যান্ড ও জেমিমা খান
রাসেল ব্র্যান্ড ও জেমিমা খান

পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ লেখিকা জেমিমা খানের প্রেমে মজেছেন ব্রিটিশ কৌতুকশিল্পী, অভিনেতা ও লেখক রাসেল ব্র্যান্ড। সম্প্রতি এক খবরে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টার পত্রিকা।
সম্প্রতি জেমিমা ও রাসেল হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর সময় ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের অভিসারের এ খবর চাউর হয়।
যুক্তরাজ্যের রাজনীতি ও সংস্কৃতিবিষয়ক সাপ্তাহিক পত্রিকা নিউ স্টেটম্যানের সহযোগী সম্পাদক জেমিমা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে প্রদায়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দুই বছর আগে জেমিমার ম্যাগাজিনে একটি আর্টিকেল লিখেছিলেন রাসেল। এভাবেই একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হন তাঁরা।
জেমিমার প্রতি রাসেলের মুগ্ধতা প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইদানীং জেমিমার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছেন রাসেল। সব সময় জেমিমার কথাই ভাবছেন। রাখঢাক না করে জেমিমার প্রতি মুগ্ধতা প্রকাশও করছেন তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, রাসেলকে যথেষ্ট পছন্দ করেন জেমিমা। কিন্তু তাঁর প্রতি রাসেলের মাত্রাতিরিক্ত মুগ্ধতাকে বাড়াবাড়ি বলেই মনে করছেন জেমিমা। তাঁর মতে, এটা রাসেলের অস্থিরতা ছাড়া আর কিছুই নয়।
১৯৯৫ সালে ইসলামি রীতিতে ইমরান খান ও জেমিমার বিয়ে সম্পন্ন হয়েছিল প্যারিসে। বিয়ের কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জেমিমা। বিয়ের পর তাঁদের ঘরে আসে দুই সন্তান। ২০০৪ সালে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ইমরান-জেমিমা। একই বছর দুই ছেলেকে সঙ্গে নিয়ে পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে যান জেমিমা।
ইমরানের সঙ্গে বিচ্ছেদের কিছুদিনের মাথায় ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক হিউ গ্র্যান্টের প্রেমে পড়েন জেমিমা। কিন্তু ২০০৭ সালের ফেব্রুয়ারিতে হিউ গ্র্যান্ট জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, হিন্দু রীতি অনুযায়ী ২০১০ সালের অক্টোবরে ভারতের রাজস্থানে মার্কিন পপগায়িকা কেটি পেরিকে বিয়ে করেছিলেন রাসেল ব্র্যান্ড। কিন্তু তাঁদের সংসার টিকেছিল মাত্র ১৪ মাস।