জেল থেকে আবারও 'সাময়িক মুক্তি' পাচ্ছেন সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

এবার স্ত্রী মান্যতা দত্তের অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা সঞ্জয় দত্ত। এর আগে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ২৯ দিন কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েছিলেন এই ‘খলনায়ক’ তারকা।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত আগস্ট মাসে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয়। আবেদনের প্রেক্ষিতে ১ অক্টোবর ১৪ দিনের জন্য মুক্তি পান তিনি। মুক্তি পেয়েই পুনের ইয়েরাওয়াড়া কারাগার থেকে সরাসরি মুম্বাইয়ে নিজ বাড়িতে চলে যান সঞ্জয়। পরে আরও ১৫ দিন মুক্ত থাকার অনুমতি পান তিনি। মুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৩০ অক্টোবর ইয়েরাওয়াড়া কারাগারে ফিরে যান ৫৪ বছর বয়সী এ অভিনেতা।
কারাগারে ফেরার পর সঞ্জয় জানিয়েছিলেন, ‘আমার পায়ে এখনও কিছু সমস্যা রয়ে গেছে। তবে আগের চেয়ে খানিকটা উন্নতি হয়েছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আবার আমি কারাগার থেকে দ্রুত বের হতে পারি।’
পরবর্তী সময়ে অসুস্থ স্ত্রীর দেখভালের কারণ দেখিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সঞ্জয়। এর প্রেক্ষিতে সম্প্রতি তাঁকে এক মাসের জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন পুনের বিভাগীয় কমিশনার। কিন্তু মজার বিষয় হল, মান্যতার অসুস্থতার কারণ দেখিয়ে সঞ্জয় প্যারোলে মুক্তির অনুমতি পেলেও ৫ ডিসেম্বর বৃহস্পতিবার একটি চলচ্চিত্রের প্রদর্শনীতে দেখা গেছে মান্যতাকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ভয়াবহ বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়। আর আহত হয় ৭০০ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার এক মাস পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা থাকা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে লাইসেন্সবিহীন একটি নাইন এমএম পিস্তল এবং একটি একে-৫৬ রাইফেল খুঁজে পায় পুলিশ। পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের মামলায় গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত।

গত ১৬ মে আদালতে আত্মসমর্পণের পর প্রথমে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। সেখানে ছয় দিন বন্দী থাকার পর তাঁকে ইয়েরাওয়াড়া কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় আগে দেড় বছর সাজা খেটেছেন সঞ্জয়। এই হিসাবে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁকে ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী থাকতে হবে।