জেলে থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে সঞ্জয়

কারাবন্দী বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘পুলিশগিরি’ ছবিটি মুক্তি পাচ্ছে ৫ জুলাই। সঞ্জয়ের অনুরোধে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করছেন ছবির প্রযোজকরা। এ অনুষ্ঠান থেকে আয়কৃত অর্থের পুরোটাই ব্যয় করা হবে ভারতের মহারাষ্ট্রের সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষদের জন্য। দুবাইতে ‘পুলিশগিরি’ ছবির উদ্বোধনি প্রদর্শনীর আয়োজন করতে চেয়েছিলেন প্রযোজক টিপি আগারওয়াল ও রাহুল আগারওয়াল। বিষয়টি জানার পর সঞ্জয় তাঁর স্ত্রী মান্যতাকে লেখা চিঠিতে বলেন, দেশের বাইরে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পেছনে অর্থ ব্যয় না করে মুম্বাইয়ে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হোক। অনুষ্ঠান থেকে যে আয় হবে তা মহারাষ্ট্রের বন্যাদুর্গত মানুষদের পেছনে ব্যয় করার অনুরোধও করেন সঞ্জয়। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এ প্রসঙ্গে টিপি আগারওয়াল বলেন, ‘বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সঞ্জয়ের এমন পরামর্শ আমাদের মুগ্ধ করেছে। সঞ্জয়ের অনুরোধ পাওয়ার পর আমরা দুবাইতে ‘‘পুলিশগিরি’’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর সিদ্ধান্ত থেকে সরে এসেছি। শিগগির আমরা একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। পুরো প্রক্রিয়ায় সঙ্গে থাকবেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধবদের নিয়ে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন।’
টিপি আগারওয়াল আরও জানিয়েছেন, ‘দাতব্য অনুষ্ঠান থেকে যে আয় হবে তার পুরোটাই ব্যয় করা হবে বন্যাদুর্গত মানুষদের জন্য। পাশাপাশি মহারাষ্ট্রে “পুলিশগিরি” ছবির প্রথম দিনের প্রথম প্রদর্শনী থেকে যে আয় হবে তাও বন্যা দুর্গত মানুষদের কল্যাণে ব্যবহার করা হবে।’
এদিকে ‘রাইট টু সঞ্জয়’ ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছেন ‘পুলিশগিরি’ ছবির প্রযোজকেরা। এই উদ্যোগের ফলে সঞ্জয়ের ভক্তেরা তাঁদের প্রিয় তারকাকে সরাসরি চিঠি লেখার সুযোগ পাচ্ছেন। এ প্রসঙ্গে রাহুল আগারওয়াল জানিয়েছেন, ‘ব্যক্তিগতভাবে সঞ্জয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। পাশাপাশি ‘‘রাইট টু সঞ্জয়’’ ক্যাম্পেইনের মাধ্যমেও তাঁর সঙ্গে যোগাযোগ হচ্ছে। এখন পর্যন্ত সঞ্জয়ের অসংখ্য ভক্ত তাঁকে চিঠি পাঠিয়েছেন। যে কোনো উদ্যোগে সব সময় তাঁরা সঞ্জয়ের পাশে থাকার অঙ্গীকার করেছেন।’
অস্ত্র মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়ায় বর্তমানে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী আছেন সঞ্জয়। এই মামলায় আগে দেড় বছর সাজা খাটায় আর সাড়ে তিন বছর জেলের ঘানি টানতে হবে তাঁকে। জেলের ভেতর কাগজের ফাইল তৈরির কাজ দেওয়া হয়েছে ‘খলনায়ক’ তারকা সঞ্জয়কে। দৈনিক মজুরি হিসেবে তিনি পাচ্ছেন মাত্র ২৫ রুপি।
কারাবন্দী হওয়ার পর এই প্রথম সঞ্জয়কে ‘পুলিশগিরি’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা। কেএস রবিকুমার পরিচালিত ছবিটির পরিবেশক সংস্থা স্টার এন্টারটেইনমেন্ট। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সঞ্জয়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রাচী দেশাই, ওম পুরী, প্রকাশ রাজ, রাজপাল যাদব প্রমুখ।