জেলেদের নিয়ে নাটক ‘জলদাস’
নদীতে জাল ফেললেন এক জেলে। জাল তুলে হতাশ। আক্ষেপ নিয়ে বললেন, ‘প্রতিদিন ভাবি, মাছের ডালাগুলো রুই, কাতলা, পাঙ্গাশ মাছে ভরে উঠবে। কিন্তু হয় না’। উত্তর দেয় অন্যজন, ‘নদীতে নলা মাছের দেখা নাই, আর রুই-পাঙ্গাশ’।সংলাপগুলো একপর্যায়ে আর নাটকের থাকে না, বাস্তব হয়ে ওঠে। দেশের মৎস্যজীবীদের কঠিন জীবনসংগ্রামের চিত্র উঠে আসে মঞ্চে, জলদাস নাটকে। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসবে গতকাল মঞ্চস্থ হয় নাটকটি। পদাতিক নাট্য সংসদ (টিএসসি) তাদের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষাসৈনিক সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। গতকাল ছিল উৎসবের পঞ্চম দিন।নাটকে নদীর মাছশূন্য অবস্থার সঙ্গে উঠে আসে জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন। সারা রাত ছয়-ছয়টা মানুষ নদীতে জাল ফেলে যৎসামান্য মাছ নিয়ে যখন পাইকারি বাজারে আসেন, তখন ব্যাপারিরা মাছের দাম দিতে চান অতি অল্পই। জেলেরা সরাসরি বাজারে মাছ নিতে চাইলে বাধা দেন ব্যাপারিরা। এদিকে নতুন আইন আসে, সমিতি করতে হবে। ব্যাপারিরা এবার মুসলমান ও হিন্দু দুই সম্প্রদায়ের জেলেকে বিভক্ত করে সমিতির কর্ণধার হতে চান। সমিতি করার জন্য এগিয়ে আসে বেসরকারি সংস্থার কর্মীরা। কিন্তু জেলেরা কাউকেই ছেড়ে দিতে রাজি হন না তাঁদের নদীর স্বত্ব। জালের অধিকার তাঁদেরই। এসব নিয়েই নাটকের কাহিনি। রচনা করেছেন হারুন অর রশীদ ও নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী। এটি পদাতিকের ৩২তম প্রযোজনা। এ ছাড়া গতকাল পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় থিয়েটারের (আরামবাগ) নাটক জন্মসূত্র । নিদের্শনা দিয়েছেন গাজী রাকায়েত।সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের ১৩টি দল নাটক মঞ্চস্থ করছে। আজ সোমবার পরীক্ষণ থিয়েটারে সময় নাট্যদল মঞ্চস্থ করবে শেষসংলাপ। নাট্যশালায় থিয়েটার মঞ্চস্থ করবে বারামখানা।